
প্রায় দেড় যুগ পর দেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন তারেক রহমান
দেশের পথে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী বাংলাদেশ বিমানের বিজি ২০২ ফ্লাইটটি নির্ধারিত সময়ের কিছু পরে (নির্ধারিত সময় ছিল স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিট বাংলাদেশ সময় রাত ১২টা ১৫ মিনিট) যুক্তরাজ্যের লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছে।
ফ্লাইট রাডার টুয়েন্টিফোরের তথ্যমতে বিমানটি নির্ধারিত সময়ের সামান্য পরে বৃহস্পতিবার সকাল ১০টা ১০ মিনিটে সিলেটে অবতরন করবে। সেখানে এক ঘণ্টা যাত্রাবিরতি দিয়ে দুপুর বারোটার দিকে ঢাকায় আসবে।
উল্লেখ্য, ২০০৮ সালে দেশত্যাগে বাধ্য হওয়ার পর এই প্রথম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন। দলের শীর্ষ নেতার আগমনকে ঘিরে স্মরণকালের বৃহত্তম সংবর্ধনার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। দলটির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, ঢাকায় আয়োজিত এই কর্মসূচিতে ৫০ লাখের বেশি নেতাকর্মী ও সমর্থকের সমাগম ঘটতে পারে। বিমানবন্দর থেকে সরাসরি পূর্বাচলের উদ্দেশে রওনা দেবেন তারেক রহমান, সেখানেই তাকে দেওয়া হবে ঐতিহাসিক সংবর্ধনা।
প্রায় দেড় যুগ পর দেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন তারেক রহমান—এ ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। তার প্রত্যাবর্তন উপলক্ষে সরকার বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পূর্বাচল এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।





































