
ছবি: সংগৃহীত
বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম) আসন থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করলেও তা জমা দিতে পারেননি আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে পরিচিত। নির্ধারিত সময় পার হয়ে যাওয়ায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র গ্রহণ করেননি।
সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে তিনি বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে যান। তবে মনোনয়নপত্র জমার শেষ সময় বিকেল ৫টা পেরিয়ে যাওয়ায় তা গ্রহণ করা হয়নি। এর আগে দুপুর ১২টার দিকে জেলা প্রশাসক কার্যালয় থেকে আমজনতা পার্টির প্রার্থী হিসেবে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ বিষয়ে হিরো আলম বলেন, ফরম পূরণ করতে অতিরিক্ত ৩০ মিনিট সময় লেগে যাওয়ায় তিনি নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে পারেননি। সাড়ে ৫টায় এসে জমা দিতে গেলে তা গ্রহণ করা হয়নি বলে জানান তিনি।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান বলেন, হিরো আলমকে আগেই বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা জানানো হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত না হওয়ায় নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি।
এর আগে মনোনয়নপত্র সংগ্রহের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হিরো আলম। তিনি বলেন, তিনি দীর্ঘদিন ধরে হামলা ও মামলার শিকার হচ্ছেন এবং নিরাপত্তার জন্য গানম্যান প্রয়োজন। অন্য অনেক প্রার্থীও নিরাপত্তা চাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু হবে কি না, তা নিয়ে তিনি শঙ্কিত। সুষ্ঠু নির্বাচন সবার প্রত্যাশা হলেও সাম্প্রতিক কয়েকটি নির্বাচনে তা হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
হিরো আলম আরও বলেন, তাকে বগুড়া-৬ সদর আসন থেকে নির্বাচন করতে অনেকে অনুরোধ করেছিলেন। তবে সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করায় তার প্রতি সম্মান জানিয়ে ওই আসনে প্রার্থী না হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানান, আগে বগুড়া-৪ আসন থেকে নির্বাচন করেছেন এবং এবারও ওই আসন থেকেই নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা ছিল।







































