রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২৯ ডিসেম্বর ২০২৫, ১০:০৩ অপরাহ্ন
শেয়ার

ব্রাহ্মণবাড়িয়া-২

ধানের শীষের জোয়ারের বিপক্ষে স্বতন্ত্র লড়াই করতে হচ্ছে: রুমিন ফারহানা


Rumin-Farhana

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে তিনি সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।

সরাইল ও আশুগঞ্জ উপজেলা এবং বিজয়নগর উপজেলার চান্দুরা ও বুধন্তি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন রুমিন ফারহানা। তবে আসনটি বিএনপি জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী জুনায়েদ আল হাবীবকে ছেড়ে দেওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।

মনোনয়ন জমা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রুমিন ফারহানা বলেন, আল্লাহর পরিকল্পনা মানুষের বোধগম্য নয়। তিনি উল্লেখ করেন, ১৯৭৩ সালে তার বাবা অলি আহাদ আওয়ামী লীগের জোয়ারের বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী ছিলেন, আর এখন তাকে ধানের শীষের জোয়ারের বিপক্ষে স্বতন্ত্রভাবে লড়াই করতে হচ্ছে।

নিজের নির্বাচনী সম্ভাবনা নিয়ে আশাবাদ প্রকাশ করে তিনি বলেন, সাধারণ মানুষের চোখে তিনি আশা, ভালোবাসা ও আস্থার প্রতিফলন দেখছেন এবং সেই বিশ্বাসের যথাযথ প্রতিদান দিতে চান।

মনোনয়ন জমা দেওয়ার সময় রুমিন ফারহানার সঙ্গে বিএনপির সাবেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে একই আসন থেকে বিএনপি জোটের প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলামের জুনায়েদ আল হাবীব মনোনয়নপত্র জমা দেন।