
কর্মসূচী অনুযায়ী মঙ্গলবার থেকে আগামী একসপ্তাহ দলটির সব কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে
দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাতদিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মঙ্গলবার সকাল নয়টায় দলের পক্ষ থেকে খালেদা জিয়ার মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে জানানোর পর এভারকেয়ার হাসপাতালের সংবাদ ব্রিফিংয়ে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
কর্মসূচী অনুযায়ী মঙ্গলবার থেকে আগামী একসপ্তাহ দলটির সব কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে। এই সময়ে কালো ব্যাজ ধারণ করবেন দলের নেতাকর্মীরা।
সেইসঙ্গে, নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানের চেয়ারপার্সনের কার্যালয়সহ সব কার্যালয়ে শোক বই খোলা রাখবে বিএনপি।
তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, এগুলো প্রাথমিকভাবে নেওয়া কর্মসূচি। পরবর্তীতে আরও কর্মসূচি ঘোষণা করা হবে ।
এছাড়া জানাজা ও দাফনের ব্যাপারে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছে বিএনপি।









































