
ফাইল ছবি
৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। বুধবার (৩১ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টা ২৬ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়।
যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব গবেষণা সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল জাপানের পূর্বাঞ্চলীয় শহর নোডার উপকূলের কাছে। ভূপৃষ্ঠের প্রায় ১৯ দশমিক ৩ কিলোমিটার গভীরে এর কেন্দ্রস্থল ছিল।
সমুদ্র উপকূলে উৎপত্তিস্থল হলেও এ ভূমিকম্পের কারণে সুনামির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে জাপানের আবহাওয়া দপ্তর। সংস্থাটি আরও জানায়, ভূমিকম্পে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে ৩০ নভেম্বর দেশটির দক্ষিণাঞ্চলীয় কিউশু প্রদেশের তোকারা দ্বীপে ৫ দশমিক ৬ ও ৪ দশমিক ৮ মাত্রার পরপর দুটি ভূমিকম্প হয়। পরে ৮ ডিসেম্বর উত্তরাঞ্চলীয় হনশু প্রদেশে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩০ জন আহত হন এবং সুনামি সতর্কতার কারণে প্রায় ৯০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
ভৌগোলিক অবস্থানের কারণে জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর ওপর অবস্থান করায় দেশটিতে ঘন ঘন ভূমিকম্প হয়ে থাকে। ইউএসজিএসের তথ্যানুযায়ী, বিশ্বে প্রতি বছর সংঘটিত মোট ভূমিকম্পের প্রায় ২০ শতাংশই জাপানে ঘটে।



































