ছবি: সংগৃহীত
মায়ের মৃত্যুতে শোকাহত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আজ এত মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে মনে হচ্ছে—নিকটজন হারানোর শূন্যতা পেরিয়ে পুরো বাংলাদেশই আমার পরিবার হয়ে উঠেছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি এ অনুভূতির কথা জানান।
পোস্টে তারেক রহমান বলেন, শোকের এই মুহূর্তে তিনি তার প্রাণপ্রিয় বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ভাই আরাফাত রহমান কোকোকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছেন। একই সঙ্গে দেশবাসীর ভালোবাসা ও সহমর্মিতা তাকে গভীরভাবে আবেগাপ্লুত করেছে বলেও উল্লেখ করেন তিনি।
স্ট্যাটাসের শুরুতে তিনি লেখেন, গভীর শোক ও কৃতজ্ঞতায় ভাস্বর হয়ে তিনি তার প্রিয় মা, জীবনের প্রথম শিক্ষক ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত করেছেন। তার অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয় বলেও উল্লেখ করেন তারেক রহমান। তবে এই কঠিন সময়ে দেশের মানুষের অভূতপূর্ব উপস্থিতি তাকে একাকিত্বে ভুগতে দেয়নি বলে জানান তিনি।
দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, অগণিত নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষের ভালোবাসা ও শ্রদ্ধায় তিনি গভীরভাবে আবেগাপ্লুত। লক্ষ মানুষের সম্মিলিত উপস্থিতি ও ভালোবাসা তাকে আবারও স্মরণ করিয়ে দিয়েছে—বেগম খালেদা জিয়া শুধু তার মা ছিলেন না, বহু দিক থেকে তিনি ছিলেন সমগ্র জাতির মা।
বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক মহলের সমবেদনার কথাও তুলে ধরেন তারেক রহমান। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শীর্ষ প্রতিনিধি, বৈশ্বিক কূটনীতিক ও উন্নয়ন সহযোগীরা সশরীরে উপস্থিত থেকে শ্রদ্ধা জানিয়েছেন। পাশাপাশি যেসব দেশ সমবেদনা প্রকাশ করেছে, তাদের প্রতিও তিনি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, তার মা সারাজীবন নিরলসভাবে মানুষের সেবা করেছেন। সেই দায়িত্ব ও উত্তরাধিকার তিনি গভীরভাবে অনুভব করছেন বলেও জানান। একাগ্রতা ও দায়বদ্ধতার সঙ্গে তিনি অঙ্গীকার করেন—যেখানে তার মায়ের পথচলা থেমেছে, সেখান থেকেই তিনি সেই পথ এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন।
সবশেষে তিনি দোয়া কামনা করে বলেন, আল্লাহ যেন তার মায়ের রূহকে শান্তি দান করেন এবং তার রেখে যাওয়া ভালোবাসা, ত্যাগ ও উদারতার উদাহরণ থেকেই দেশ শক্তি, ঐক্য ও দেশপ্রেমের প্রেরণা খুঁজে পায়।










































