
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘদিনের নীরব সঙ্গী ফাতেমা বেগমকে এবার দেখা গেছে তাঁর নাতনি জাইমা রহমানের পাশে। খালেদা জিয়ার মৃত্যুর পর শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দাদির কবর জিয়ারতে জাইমা রহমানের সঙ্গে ফাতেমার উপস্থিতি নজরে আসে।
ভিডিওতে দেখা যায়, কবর জিয়ারত শেষে বহনকারী গাড়ি থেকে নামার সময় জাইমা রহমানের ঠিক পেছনেই ছিলেন ফাতেমা। এ দৃশ্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। বিএনপির একটি সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার মতোই এখন জাইমা রহমানের দৈনন্দিন চলাফেরা ও প্রয়োজনীয় কাজে ফাতেমা নিয়মিত সঙ্গ দিচ্ছেন।
২০১০ সাল থেকে খালেদা জিয়ার সার্বক্ষণিক সহচর হিসেবে পরিচিত ছিলেন ফাতেমা বেগম। গৃহকর্মী হিসেবে কাজ শুরু করলেও ধীরে ধীরে তিনি চেয়ারপারসনের ব্যক্তিগত জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হন। বাসভবন, কার্যালয়, রাজপথ, হাসপাতাল, বিদেশ সফর থেকে শুরু করে কারাগার- সবখানেই খালেদা জিয়ার পাশে ছিলেন তিনি।
২০১৮ সালে খালেদা জিয়া কারাবন্দী হলে আইনজীবীদের আবেদনে ফাতেমাকে গৃহপরিচারিকা হিসেবে সঙ্গে রাখার অনুমতি দেওয়া হয়। পরে প্রায় ২৫ মাস স্বেচ্ছায় তিনি কারাগারেই অবস্থান করেন। আন্দোলন-সংগ্রামের সময়েও খালেদা জিয়ার পাশে তার নীরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
ভোলার বাসিন্দা, স্বল্পভাষী ফাতেমা বেগমের বয়স প্রায় ৪০ বছর। তিনি এক সন্তানের জননী। বিএনপির কার্যালয় সূত্র জানায়, দলের এক কেন্দ্রীয় নেতার মাধ্যমে গুলশানের ‘ফিরোজা’য় তার কাজের শুরু, সেখান থেকেই খালেদা জিয়ার সঙ্গে তার দীর্ঘ পথচলা।









































