
“নিরাপদ, যথাযথ ও বিচক্ষণ একটি রূপান্তর সম্ভব না হওয়া পর্যন্ত আমরা দেশটি পরিচালনা করব।”
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার কয়েক ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র দেশটি সাময়িকভাবে ‘চালাবে’ বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, একটি রাজনৈতিক রূপান্তর সম্পন্ন না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার দায়িত্ব নেবে।
শনিবার (যুক্তরাষ্ট্র সময় সময়) এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, “নিরাপদ, যথাযথ ও বিচক্ষণ একটি রূপান্তর সম্ভব না হওয়া পর্যন্ত আমরা দেশটি পরিচালনা করব।” তিনি আরও বলেন, “আমরা চাই না অন্য কেউ এসে আগের মতো একই পরিস্থিতি তৈরি করুক, যা বহু বছর ধরে চলেছে।”
এর আগে শনিবার ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর মাদুরোকে ‘আটক’ করা হয়েছে বলে জানায় ওয়াশিংটন। মাদুরোর সরকারের বিরুদ্ধে কয়েক মাস ধরে চলা চাপ প্রয়োগ অভিযানের অংশ হিসেবেই এই হামলা চালানো হয় বলে দাবি করা হয়েছে।
এই অভিযানের আওতায় ভেনেজুয়েলার উপকূলে তেলবাহী জাহাজ জব্দ করা হয় এবং ক্যারিবীয় সাগরে কথিত মাদক পাচারকারী নৌকায় প্রাণঘাতী হামলা চালানো হয়। এসব অভিযানকে মানবাধিকার সংগঠনগুলো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে নিন্দা জানিয়েছে।
ওয়াশিংটনের অভিযোগ, ২০১৩ সাল থেকে ক্ষমতায় থাকা মাদুরোর সঙ্গে মাদক কার্টেলগুলোর যোগসূত্র রয়েছে। তবে মাদুরো এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন, যুক্তরাষ্ট্র তাকে উৎখাত করে ভেনেজুয়েলার বিশাল তেলসম্পদের নিয়ন্ত্রণ নিতে চায়।
সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, “যুক্তরাষ্ট্রের খুব বড় তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলায় যাবে, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত তেল অবকাঠামো ঠিক করবে এবং দেশটির জন্য আয় সৃষ্টি করবে।” তার দাবি, এই পদক্ষেপ ভেনেজুয়েলার জনগণকে “সমৃদ্ধ, স্বাধীন ও নিরাপদ” করে তুলবে।
ট্রাম্প প্রশাসন মাদুরোকে আটক করার যৌক্তিকতা তুলে ধরে বলেছে, যুক্তরাষ্ট্রে মাদক-সংক্রান্ত মামলায় তিনি অভিযুক্ত। ট্রাম্প আরও জানান, মাদুরোকে তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসসহ নিউইয়র্কে নেওয়া হচ্ছে, যেখানে তাকে এসব অভিযোগের মুখোমুখি হতে হবে।



































