রবিবার । মার্চ ২২, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ৪ জানুয়ারি ২০২৬, ৬:৫০ পূর্বাহ্ন
শেয়ার

শোবার ঘর থেকে টেনেহিঁচড়ে তুলে নেওয়া হয় মাদুরো ও তাঁর স্ত্রীকে


Maduro

দীর্ঘদিনের চাপের পর ভেনেজুয়েলায় সরাসরি বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। অভিযানে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

পরে এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, শোবার ঘর থেকে মার্কিন বাহিনী মাদুরো ও তাঁর স্ত্রীকে টেনেহিঁচড়ে তুলে নিয়ে যায়। অভিযানের তথ্য জানিয়ে একে ‘অসাধারণ অভিযান’ হিসেবে উল্লেখ করেন ট্রাম্প। গতকাল শনিবার বিসিবি, সিএনএন ও এপির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

মার্কিন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মাদুরো দম্পতিকে তাঁদের শোবার ঘর থেকে আটক করে শক্তিশালী যুদ্ধজাহাজে করে নিউইয়র্কে নেওয়া হয়। ট্রাম্প জানান, মাদুরোকে ম্যানহাটনের ফেডারেল আদালতে মাদক ও অস্ত্রসংক্রান্ত অভিযোগের মুখোমুখি হতে হবে। তবে এ অভিযানে কংগ্রেসের অনুমোদন নেওয়া হয়েছিল কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি।

অভিযানের সময় ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং সামরিক স্থাপনায় হামলার দৃশ্য দেখা যায়। দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেন, প্রেসিডেন্টের অবস্থান নিশ্চিত না হওয়ায় তিনি সাময়িকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। তিনি হামলায় বেসামরিক ও সামরিক সদস্য নিহত হওয়ার কথাও জানান।

মাদুরো আটক হওয়ার পর ভেনেজুয়েলার ক্ষমতা কার হাতে যাবে—তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সম্ভাব্য নেতৃত্বে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ, স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো ক্যাবেলো ও প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজের নাম আলোচনায় এসেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের এ অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া, ইরান, চীন ও কিউবা। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে।