রবিবার । মার্চ ২২, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ৪ জানুয়ারি ২০২৬, ৭:০৫ পূর্বাহ্ন
শেয়ার

নিউইয়র্কে মাদুরো, রাখা হবে ব্রুকলিনের কুখ্যাত কারাগারে


Nicolas-Maduro

ছবি : ট্রুথ সোশ্যাল

যুক্তরাষ্ট্রের হাতে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নিউইয়র্কে এনে ব্রুকলিনের কুখ্যাত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে (এমডিসি) রাখা হচ্ছে। মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সেখান থেকেই তাঁকে মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগে করা মামলায় ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করা হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, স্থানীয় সময় শনিবার বিকেলে নিউইয়র্কের একটি বিমানঘাঁটিতে নামার পর মাদুরোকে হেলিকপ্টারে করে ম্যানহাটনের ওয়েস্টসাইড হেলিপোর্টে নেওয়া হয়। এরপর তাঁকে মার্কিন মাদক নিয়ন্ত্রণ সংস্থা ডিইএর সদর দপ্তরে নিয়ে প্রাথমিক আইনি প্রক্রিয়া সম্পন্ন করার কথা রয়েছে। সেখান থেকে তাঁর পরবর্তী গন্তব্য হিসেবে নির্ধারিত হয়েছে ব্রুকলিনের বন্দিশিবির।

নিউইয়র্কের এই কারাগারটি উচ্চপ্রোফাইল বন্দীদের রাখার জন্য পরিচিত। এর আগে পপ তারকা আর কেলি, যৌন অপরাধে দণ্ডিত জেফরি এপস্টেইনের সহযোগী গিলেন ম্যাক্সওয়েল এবং র‍্যাপার শন ‘ডিডি’ কম্বসকে এই কারাগারেই রাখা হয়েছিল।

এদিকে মাদুরোকে আটকের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। শনিবার টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, ভেনেজুয়েলা কখনোই কোনো দেশের উপনিবেশ হবে না। তিনি এই ঘটনাকে ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে দমিয়ে রাখার অপচেষ্টা হিসেবে আখ্যায়িত করেন।

ভেনেজুয়েলার পতাকার সামনে দাঁড়িয়ে রদ্রিগেজ বলেন, আজ ভেনেজুয়েলার সঙ্গে যা ঘটেছে, তা বিশ্বের যেকোনো দেশের সঙ্গেই ঘটতে পারে। তিনি যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে বেআইনি ও শক্তির অপব্যবহার বলে উল্লেখ করেন। একই সঙ্গে উদ্ভূত পরিস্থিতিতে জনগণকে শান্ত ও ধৈর্যশীল থাকার আহ্বান জানান তিনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির সরাসরি বিরোধিতা করে রদ্রিগেজ বলেন, শক্তি ও বেআইনি পথ বেছে নেওয়াদের পাশে সত্য নেই। তাঁর এই বক্তব্য ট্রাম্পের দাবিকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

এর আগে শনিবার ভোরে রাজধানী কারাকাসে ঝটিকা অভিযানে নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করে মার্কিন বাহিনী।

সূত্র: বিবিসি, আল–জাজিরা