
ফাইল ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য ২৬টি দেশ এবং সাতটি আন্তর্জাতিক সংস্থাকে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, মোট ৮৩ জন বিদেশি পর্যবেক্ষককে নির্বাচন পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি স্বপ্রণোদিত হয়ে যেসব বিদেশি পর্যবেক্ষক বা আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিনিধি বাংলাদেশে এসে নির্বাচন পর্যবেক্ষণ করতে আগ্রহী, তাদের আগামী ১৫ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে।
অন্যদিকে, ইসির আমন্ত্রণপ্রাপ্ত দেশ ও সংস্থাগুলোকে ১৭ জানুয়ারির মধ্যে কমিশনকে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।
আমন্ত্রিত দেশগুলোর তালিকায় রয়েছে— অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জর্জিয়া, ইন্দোনেশিয়া, জাপান, জর্ডান, কাজাখস্তান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, মঙ্গোলিয়া, নিউজিল্যান্ড, নাইজেরিয়া, ফিলিপাইন, রোমানিয়া, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, থাইল্যান্ড, উজবেকিস্তান, তুরস্ক, ভুটান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভারত ও মালদ্বীপ।
এ ছাড়া আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে রয়েছে—সার্ক, কমনওয়েলথ, ওআইসি, অ্যানফ্রেল, এ-ওয়েব, আইআরআই ও এনডিআই।
নির্বাচন কমিশন জানায়, বিভিন্ন দেশের নির্বাচন কমিশনের প্রধান ও ইসির আমন্ত্রণে আসা প্রতিনিধিদের যাতায়াতের বিমান ভাড়া ছাড়া বাকি সব খরচ কমিশন বহন করবে। তাদের জন্য পাঁচ তারকা হোটেলে থাকার ব্যবস্থা করা হবে। পাশাপাশি বিদেশি পর্যবেক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা এবং তথ্যকেন্দ্র স্থাপন করা হবে।
তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।



































