
ফাইল ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাই নিয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের চতুর্থ দিনে ৫৩ জন প্রার্থীর আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর ফলে এসব প্রার্থী নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ ফিরে পেয়েছেন। একই দিনে ১৭ জনের আপিল নামঞ্জুর করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটরিয়ামে অনুষ্ঠিত শুনানি শেষে এই সিদ্ধান্ত দেয় নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানিতে অন্যান্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত ছিলেন।
শুনানি শেষে ইসি সচিব আখতার আহমেদ জানান, চতুর্থ দিনের শুনানিতে মোট ৭০টি আপিল আবেদন নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে ৫৩টি আবেদন মঞ্জুর এবং ১৭টি আবেদন নামঞ্জুর করা হয়।
তিনি আরও জানান, মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে। গত ৫ জানুয়ারি আপিল গ্রহণ শুরু হয়ে তা শেষ হয় ৯ জানুয়ারি। এর আগে ৪ জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা ৭২৩টি মনোনয়নপত্র বাতিল করেন।
গত ১০ জানুয়ারি থেকে আপিল শুনানি শুরু হয়েছে, যা চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। এ পর্যন্ত চার দিনের শুনানিতে মোট ২০৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।







































