
ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। আপিল গ্রহণের শেষ দিনে ১৭৬টি আপিল জমা হয়। নির্বাচন কমিশনে গত ৫ জানুয়ারি আপিল গ্রহণ শুরু হয়ে শুক্রবার (৯ জানুয়ারি) শেষ হয়। এর আগে বাছাইয়ে সারা দেশে ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছিল।
আজ শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টা থেকে নির্বাচন কমিশনে আপিল শুনানি শুরু হবে, যা চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ শুনানি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
কমিশনের ঘোষিত সূচি অনুযায়ী, প্রথম দিন শনিবার (১০ জানুয়ারি) ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি হবে। এরপর রবিবার (১১ জানুয়ারি) ৭১ থেকে ১৪০ নম্বর, সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০ নম্বর এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। পরবর্তী আপিল শুনানির তারিখ ও সময়সূচি শিগগিরই জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে কমিশন।
ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি এবং নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি।






































