বৃহস্পতিবার । এপ্রিল ৩০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ৩০ এপ্রিল ২০২৬, ৩:৪৯ অপরাহ্ন
শেয়ার

‘পথের প্যাঁচাল’ নিয়ে আসছেন গিয়াস উদ্দিন সেলিম 


gias-uddin-selim

গিয়াস উদ্দিন সেলিম

জীবন আর পথ—দুটোই অনিশ্চয়তায় ঘেরা। এই পথেই ঘটে যায় জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া সব ঘটনা। এমনই এক ভিন্নধর্মী প্রেক্ষাপট নিয়ে গিয়াস উদ্দিন সেলিম নির্মাণ করেছেন ফ্ল্যাশ ফিকশন ‘পথের প্যাঁচাল’। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে আগামী ৬ মে রাত ১২টায় (৭ মে) মুক্তি পেতে যাচ্ছে এটি।

‘পথের প্যাঁচাল’ নামটি শুনলে সত্যজিৎ রায়ের কালজয়ী ‘পথের পাঁচালী’র কথা মনে এলেও নির্মাতা নিশ্চিত করেছেন যে, নামের মিল থাকলেও গল্পের প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা। এতে দেখা যাবে বায়েজিদ নামের একজন অটো রিকশাচালককে, যার চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান। তার জীবনে অপ্রত্যাশিতভাবে জড়িয়ে যান উমা নামক এক নবীন ঔপন্যাসিক। উমা তার প্রথম উপন্যাস প্রকাশের চেষ্টায় ব্যস্ত। এই দুই ভিন্ন সামাজিক অবস্থানের মানুষের কথোপকথন এবং তাদের মধ্যকার আন্তঃসম্পর্কই এই গল্পের মূল ভিত্তি।

গিয়াস উদ্দিন সেলিমের মতে, এটি কেবল একটি গল্প নয় বরং দুই শ্রেণির মানুষের অনুভূতির বয়ান। তিনি বলেন, “জীবন মানেই এক দীর্ঘ পথ এবং এই পথে তৈরি হয় অসংখ্য গল্প। এখানে সামাজিক ট্যাবুর বাইরে গিয়ে সম্পর্কের এক মানবিক রূপ ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। অনেকে একে ‘অসম’ কিছু ভাবতে পারেন কিন্তু আমি একে সহজ-সরল সম্পর্ককে মানবিকভাবে দেখার প্রয়াস বলব।”

‘স্বপ্নজাল’-এর পর ইয়াশ রোহান আবারও সেলিমের পরিচালনায় কাজ করলেন। উমা চরিত্রে অভিনয় করেছেন নবাগতা বহ্নি হাসান। এছাড়াও রয়েছেন মনির হাসান খান শিমুল, অশোক বেপারীসহ আরও অনেকে। শিপ্রা দেবনাথের গল্পে এর চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন স্বয়ং পরিচালক।

আলফা-আই এবং চরকির যৌথ প্রযোজনায় নির্মিত এই ফ্ল্যাশ ফিকশনটি মূলত জীবনের ছোট ছোট মুহূর্তের এক নান্দনিক উপস্থাপনা।