
বাংলাদেশ ক্রিকেট বোর্ড
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবগঠিত ১১ সদস্যের এডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। আবেদনে এই কমিটিকে অবৈধ ঘোষণার পাশাপাশি এর কার্যক্রমের ওপর স্থগিতাদেশ চাওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট গোলাম কিবরিয়াসহ সাতজন আইনজীবী জনস্বার্থে এই রিট দায়ের করেন।
এর আগে, গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তিন মাসের জন্য এই এডহক কমিটি গঠন করেছিল। জাতীয় দলের সাবেক সফল অধিনায়ক তামিম ইকবালকে এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়। ১১ সদস্যের এই কমিটিতে আরও রয়েছেন—রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন নান্নু, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম বাবু ও ফাহিম সিনহা।

জাতীয় ক্রীড়া পরিষদ জানায়, বিসিবির গত কমিটির অনিয়ম খতিয়ে দেখতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ওপর ভিত্তি করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। মূলত সাময়িকভাবে বোর্ডের কার্যক্রম পরিচালনা এবং একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতেই এই এডহক কমিটি গঠন করা হয়।
তবে রিট আবেদনকারী আইনজীবীদের দাবি, বর্তমান কাঠামোতে এই কমিটি গঠন আইনত প্রশ্নবিদ্ধ। হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে আগামী সপ্তাহে এই আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানা গেছে।
ক্রিকেট পাড়ায় এখন সবার নজর আদালতের সিদ্ধান্তের দিকে কারণ এই রায়ের ওপরই নির্ভর করছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার ভবিষ্যৎ নেতৃত্ব।












































