বৃহস্পতিবার । মার্চ ৫, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ২২ জানুয়ারি ২০২৬, ৬:২৪ পূর্বাহ্ন
শেয়ার

সিলেটকে হারিয়ে বিপিএলের ফাইনালে রাজশাহী


rajshahi

রাজশাহীর খেলোয়াড়দের উচ্ছ্বাস। ছবি: সংগৃহীত

বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে সিলেট টাইটান্সকে ১২ রানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। রুদ্ধশ্বাস এই ম্যাচে রাজশাহীর নিয়ন্ত্রিত বোলিং ও দুর্দান্ত ফিল্ডিংয়ের কাছে শেষ পর্যন্ত থেমে যায় সিলেটের স্বপ্ন।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬৫ রান সংগ্রহ করে রাজশাহী ওয়ারিয়র্স। ১৬৬ রানের লক্ষ্যে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে সিলেট টাইটান্স। প্রথম ওভারেই শূন্য রানে জাকির হাসান আউট হন। এরপর আরিফুল ইসলামও কোনো রান না করেই ফিরলে মাত্র ৭ রানের মধ্যে দুই উইকেট হারায় দলটি।

চাপের মুহূর্তে দলের হাল ধরেন পারভেজ হোসেন ইমন ও স্যাম বিলিংস। দুজনের জুটিতে পাওয়ারপ্লে শেষে সিলেটের সংগ্রহ দাঁড়ায় ৩৭ রান। ধীরে ধীরে রান তোলার গতি বাড়ান তারা। তবে ফিফটির কাছাকাছি গিয়ে ৩৪ বলে ৪৮ রান করে বিদায় নেন ইমন। এরপর মঈন আলী ব্যর্থ হলে চাপ আরও বাড়ে।

বিলিংস ও আফিফ হোসেন ধ্রুব কিছুটা লড়াই চালালেও গুরুত্বপূর্ণ সময়ে উইকেট হারায় সিলেট। ২৮ বলে ৩৭ রান করে বিলিংস আউট হন। আফিফ করেন ১২ বলে ২১ রান, মেহেদী হাসান মিরাজ ১৩ বলে ৯ রান। শেষ দিকে ক্রিস ওকস চেষ্টা করলেও শেষ দুই ওভারে প্রয়োজনীয় ২৯ রান তুলতে ব্যর্থ হয় সিলেট। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৫৩ রানে থামে তাদের ইনিংস।

রাজশাহীর হয়ে বল হাতে দুর্দান্ত ছিলেন বিনুরা ফার্নান্দো। মাত্র ১৯ রান খরচায় ৪ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন তিনি। এছাড়া মোহাম্মদ রুবেল, আবদুল গাফফার সাকলাইন ও তানজিম সাকিব নেন একটি করে উইকেট।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে রাজশাহী ওয়ারিয়র্সের শুরুটা ছিল দারুণ। তানজিদ হাসান তামিম ও সাহিবজাদা ফারহানের ওপেনিং জুটিতে আসে ৪১ রান। ফারহান ২১ বলে ২৬ রান করে আউট হলেও তানজিদ দ্রুত রান তুলতে থাকেন। পাওয়ারপ্লে শেষে রাজশাহীর সংগ্রহ দাঁড়ায় ৬১ রান।

মাঝে নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম ও এস এম মেহেরব হোসেন দ্রুত ফিরে গেলেও এক প্রান্ত আগলে রাখেন কেইন উইলিয়ামসন। শেষ দিকে জিমি নিশামের আগ্রাসী ব্যাটিংয়ে বড় সংগ্রহ পায় রাজশাহী। নিশাম ২৬ বলে ৪৪ রান করেন, আর উইলিয়ামসন অপরাজিত থাকেন ৩৮ বলে ৪৫ রানে। সিলেটের হয়ে সালমান ইরশাদ নেন ৩ উইকেট, মিরাজ ও নাসুম আহমেদ নেন দুটি করে উইকেট।

এই জয়ের মাধ্যমে বিপিএলের ফাইনালে জায়গা করে নিল রাজশাহী ওয়ারিয়র্স। আগামী শুক্রবার শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ চট্টগ্রাম রয়্যালস।