
ফাইল ছবি
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও রাষ্ট্রীয় সংস্কার বিষয়ক গণভোটে দেশের মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন।
নির্বাচন কমিশন (ইসি) বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আসনভিত্তিক চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে এ তথ্য জানিয়েছে। ইসির তথ্যমতে, এবারের ভোটারদের মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫১ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৪ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ১২০ জন।
একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন করায় নির্বাচন ব্যবস্থাপনায় বাড়তি গুরুত্ব দিচ্ছে কমিশন। ইসির তথ্য অনুযায়ী, ৩০০টি সংসদীয় আসনের মধ্যে গাজীপুর-২ আসনে ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি, যেখানে ভোটার রয়েছেন ৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন। বিপরীতে, ঝালকাঠি-১ আসনটি সবচেয়ে কম ভোটার নিয়ে গঠিত, সেখানে মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৮ হাজার ৪৩১ জন।
নির্বাচন কমিশন সচিবালয় জানিয়েছে, আসনভিত্তিক ভোটার সংখ্যার আলোকে ব্যালট পেপার ছাপানো ও ভোটকেন্দ্র নির্ধারণসহ প্রাথমিক প্রস্তুতি দ্রুত এগিয়ে চলছে। যেহেতু ভোটারদের একই দিনে দুটি আলাদা বিষয়ে ভোট দিতে হবে, তাই ভোট গ্রহণ ও ফল গণনায় অতিরিক্ত সতর্কতা এবং সময় প্রয়োজন হতে পারে বলে আগেই ইঙ্গিত দিয়েছে কমিশন।
নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে কার্যকর করার ওপর জোর দিয়ে ইসি জানিয়েছে, এনআইডি সংগ্রহ, উপহার বা কোনো ধরনের প্রলোভন দেখানো সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ। একই সঙ্গে কোনো প্রার্থীর প্রার্থিতা সংক্রান্ত জটিলতা বা আদালতের নির্দেশনা থাকলে তা তাৎক্ষণিকভাবে বাস্তবায়নের ব্যবস্থাও রাখা হয়েছে।
এবারের নির্বাচনে নতুন ভোটারদের অংশগ্রহণ এবং প্রবাসী ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বচ্ছ নির্বাচন আয়োজনের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিয়মিত সমন্বয় সভা চালিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন।









































