
ফাইল ছবি
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ কোনো নির্দিষ্ট ধর্ম বা বর্ণের মানুষের জন্য নয়—এ দেশ সব মানুষের। ধর্ম ও বর্ণভেদে নয়, বাংলাদেশ সবাইকে নিয়ে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি হিসেবে গড়ে উঠেছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সরস্বতী পূজা উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি হিন্দু সম্প্রদায়ের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এ কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। হাজার বছর ধরে এ দেশে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে বিভিন্ন ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সৌহার্দ্যের সঙ্গে মিলেমিশে বসবাস করে আসছেন।
ড. ইউনূস আরও বলেন, হিন্দু ধর্মমতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানের প্রতীক। তিনি বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী হিসেবে মানুষকে অজ্ঞতার অন্ধকার থেকে আলোর পথে পরিচালিত করেন। এই পবিত্র উৎসব উপলক্ষে তিনি প্রত্যাশা প্রকাশ করেন—শিক্ষা যেন শুধু ব্যক্তিগত উন্নতির মধ্যেই সীমাবদ্ধ না থাকে, বরং সমাজ ও মানবকল্যাণে কাজে লাগে।
তিনি বলেন, আমাদের অর্জিত জ্ঞান দিয়ে যেন আমরা অন্যকে সহায়তা করতে পারি, দুর্বলদের পাশে দাঁড়াতে পারি এবং একটি ন্যায়ভিত্তিক, সুন্দর ও মানবিক সমাজ গড়ে তুলতে সক্ষম হই।
সবশেষে প্রধান উপদেষ্টা হিন্দু ধর্মাবলম্বীসহ বাংলাদেশের সব নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।










































