রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৫ জানুয়ারি ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শেয়ার

শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা


rajshahi-cold

ছবি: সংগৃহীত

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী এক-দু’দিন দেশের বিভিন্ন অঞ্চলে শীতের অনুভূতি কিছুটা বেড়ে যেতে পারে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এটি দীর্ঘস্থায়ী হবে না। সারা দেশে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং অধিকাংশ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকবে।

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, “আগামী সোমবার (২৬ জানুয়ারি) রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। এতে ২৭ জানুয়ারি থেকে এক-দু’দিনের জন্য শীতের মাত্রা বাড়বে, এরপর আবার স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে। ৩০ জানুয়ারির পর তাপমাত্রা আবার সামান্য কমতে পারে।”

তিনি আরও জানান, ঢাকা ও খুলনা বিভাগের উত্তর অংশ, রাজশাহী, রংপুর এবং ময়মনসিংহে শীতের অনুভূতি তুলনামূলকভাবে বেশি থাকতে পারে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল দেশজুড়ে আংশিক মেঘলা আকাশ থাকবে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, তবে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। আগামী কয়েকদিন শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১০.২ ডিগ্রি, আর ঢাকায় রেকর্ড করা হয়েছে ১৬.১ ডিগ্রি সেলসিয়াস।

বাংলা টেলিগ্রাফ উদ্যোগের গল্প