রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৬ জানুয়ারি ২০২৬, ৬:৫৫ পূর্বাহ্ন
শেয়ার

চানখাঁরপুল হত্যাকাণ্ডের মামলার রায় আজ


International Crime Tribunal

চব্বিশের গণ-আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের দিন রাজধানীর চানখাঁরপুল এলাকায় ছয় আন্দোলনকারী হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ সোমবার ঘোষণা করা হবে।

এর আগে গত ২০ জানুয়ারি রায় ঘোষণার দিন ধার্য থাকলেও প্রস্তুতি না থাকায় তা পিছিয়ে ২৬ জানুয়ারি নির্ধারণ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়কে কেন্দ্র করে সেদিন সকাল থেকেই ট্রাইব্যুনাল প্রাঙ্গণে নেওয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে রায় সরাসরি সম্প্রচারের জন্য বিচারকক্ষে কারিগরি প্রস্তুতিও রাখা হয়েছিল।

রায় শুনতে সেদিন ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন মামলার গ্রেপ্তার আসামিরা, ভুক্তভোগী এবং নিহতদের পরিবারের সদস্যরা। তবে ট্রাইব্যুনাল জানান, রায় প্রস্তুত না হওয়ায় তা আজ ঘোষণা করা হবে।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন রাজধানীর চানখাঁরপুল এলাকায় পুলিশের গুলিতে নিহত হন ছয় আন্দোলনকারী। তাঁরা হলেন- শাহরিয়ার খান আনাস, শেখ মাহদি হাসান জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া।

ঘটনার অভিযোগ দাখিলের পর ছয় মাস ১৩ দিনে তদন্ত শেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। গত বছরের ২০ এপ্রিল তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দেওয়া হয়। পরে ২৫ মে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হলে ট্রাইব্যুনাল তা আমলে নেন। শুনানি শেষে ১৪ জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়। ১১ আগস্ট চিফ প্রসিকিউটরের সূচনা বক্তব্যের মাধ্যমে শুরু হয় সাক্ষ্যগ্রহণ।

২৩ কার্যদিবসে ২৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। আসামিপক্ষে দুজন সাফাই সাক্ষী সাক্ষ্য দেন।

এ মামলায় মোট আটজন আসামি রয়েছেন। তাঁদের মধ্যে চারজন পলাতক। পলাতক আসামিরা হলেন- ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ্ আলম মো. আখতারুল ইসলাম এবং সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল। গ্রেপ্তার চার আসামি হলেন- শাহবাগ থানার সাবেক পরিদর্শক মো. আরশাদ হোসেন, সাবেক কনস্টেবল মো. সুজন হোসেন, ইমাজ হোসেন ও মো. নাসিরুল ইসলাম।