
কেন্দ্র দখল করে নির্বাচনের ফলাফল আদায়ের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও এর সঙ্গে অনুষ্ঠিতব্য গণভোট বাংলাদেশের ইতিহাসে একটি অনন্য ঘটনা।
সোমবার লক্ষ্মীপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসি সানাউল্লাহ জানান, নির্বাচন কমিশনের কোনো পক্ষপাত নেই এবং সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন ও ভোটাধিকার সুরক্ষিত থাকে- এটাই তাদের মূল লক্ষ্য।
তিনি প্রশাসন ও সংশ্লিষ্ট টিমগুলোকে উদ্দেশ করে বলেন, নির্বাচনকে আনন্দময় ও ভীতিমুক্ত রাখতে হবে, যাতে কেউ ভয়ভীতি বা ত্রাস সৃষ্টি করতে না পারে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে মাঠপর্যায়ে ছয়টি টিম কাজ করবে বলেও জানান তিনি।
নির্বাচনের সময় মোবাইল ব্যাংকিংয়ের অপব্যবহার রোধে বিকাশ, নগদ, রকেটসহ সব ধরনের লেনদেনের ওপর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান ইসি। এ ছাড়া সাংবাদিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোটকেন্দ্রে শুধু পেনসিল ব্যবহার করা যাবে, কোনো কলম নয়।
সভায় লক্ষ্মীপুর জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে পুলিশ সুপার আবু তারেকসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




































