রবিবার । মার্চ ২২, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট জাতীয় ৩১ জানুয়ারি ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শেয়ার

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল


oil-price

বিশ্ববাজারের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার। ফেব্রুয়ারি মাসের জন্য ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম লিটারপ্রতি ২ টাকা করে কমানো হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ডিজেলের দাম লিটারপ্রতি ২ টাকা কমে ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে কেরোসিনের নতুন দাম দাঁড়িয়েছে লিটারপ্রতি ১১২ টাকা, পেট্রল ১১৬ টাকা এবং অকটেন ১২০ টাকা। শনিবার রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। রবিবার (১ ফেব্রুয়ারি) থেকে এই নতুন দাম কার্যকর হবে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, দেশে বছরে জ্বালানি তেলের মোট চাহিদা প্রায় ৭৫ লাখ টন। এর মধ্যে প্রায় ৭৫ শতাংশই ডিজেল, যা মূলত কৃষি সেচ, পরিবহণ খাত ও জেনারেটরে ব্যবহৃত হয়। বাকি ২৫ শতাংশ চাহিদা পূরণ হয় পেট্রল, অকটেন, কেরোসিন, জেট ফুয়েল ও ফার্নেস অয়েলসহ অন্যান্য জ্বালানি তেল থেকে।

সরকারের এ সিদ্ধান্তে পরিবহণ খাতের পাশাপাশি কৃষি ও সাধারণ ভোক্তাদের ব্যয় কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।