রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১ ফেব্রুয়ারি ২০২৬, ৭:১২ অপরাহ্ন
শেয়ার

১১ ও ১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে সব ব্যাংক


Bangladesh Bank

ফাইল ছবি

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। রোববার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক বিশেষ ছুটি ঘোষণা করে এ সিদ্ধান্ত জানিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের জারি করা নির্দেশনায় বলা হয়, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সরকার নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করায় ওই দুই দিন সব তফসিলি ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। এ সময় ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারী ছুটিতে থাকবেন।

বাংলাদেশ ব্যাংক জানায়, সরকারি ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংক খাতেও বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের কোথাও কোনো তফসিলি ব্যাংকে লেনদেন বা অন্যান্য ব্যাংকিং সেবা চালু থাকবে না।

এর আগে গত ২৫ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সারা দেশে নির্বাচনকালীন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়। একই সঙ্গে শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিশেষ ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

সরকারি ছুটি ঘোষণার প্রেক্ষিতে নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে প্রশাসনের পাশাপাশি বিভিন্ন দপ্তর ও সংস্থাকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।