রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২ ফেব্রুয়ারি ২০২৬, ৮:২৯ পূর্বাহ্ন
শেয়ার

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি নেওয়া সহকারী সচিব কামাল হোসেন বরখাস্ত


Kamal-Hossain

মুক্তিযোদ্ধা কোটার অপব্যবহারের অভিযোগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (ওএসডি) মো. কামাল হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, দুদকের একটি মামলায় গত ২৮ জানুয়ারি ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে হাজির হয়ে তিনি জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান। এ অবস্থায় ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ৩৯(২) ধারা অনুযায়ী তাকে ২৮ জানুয়ারি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

দুদকের মামলার অভিযোগে বলা হয়, মো. কামাল হোসেন মুক্তিযোদ্ধা কোটার সুবিধা নিতে নিজের প্রকৃত বাবা-মায়ের পরিবর্তে আপন চাচা বীর মুক্তিযোদ্ধা মো. আহসান হাবীব ও চাচি মোছা. সানোয়ারা খাতুনকে বাবা-মা হিসেবে দেখিয়ে ৩৫তম বিসিএস পরীক্ষায় অংশ নেন এবং মুক্তিযোদ্ধার সন্তানের কোটায় প্রশাসন ক্যাডারে চাকরি লাভ করেন।

অভিযোগে আরও বলা হয়, প্রাথমিক ও অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনার সময় তিনি প্রকৃত পিতা মো. আবুল কাশেমের নাম ব্যবহার করলেও পরবর্তী সময়ে নবম শ্রেণিতে একই বিদ্যালয়ে রেজিস্ট্রেশনের সময় চাচা ও চাচিকে পিতা-মাতা হিসেবে দেখান।

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালনকালে গত বছরের ২৬ ডিসেম্বর তার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে মামলা হয়। ওই মামলায় গত বুধবার আদালত তাকে কারাগারে পাঠান। প্রতারণা ও জালিয়াতির অভিযোগে তার বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০, ৪৬৭, ৪৬৮ ও ৪৭১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।