রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৩ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৩০ পূর্বাহ্ন
শেয়ার

ভোররাতে ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থল সাতক্ষীরা


Earthquake

ফাইল ছবি

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভোররাতে মৃদু মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৩৬ মিনিটে এই ভূকম্পন আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরার কলারোয়া এলাকা। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থলের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৫০ কিলোমিটার নিচে। গভীরতা বেশি হওয়ায় কম্পনের তীব্রতা তুলনামূলক কম ছিল। তবে ভোররাতে হঠাৎ এই ভূকম্পনে সাতক্ষীরা, খুলনা ও যশোরসহ আশপাশের কয়েকটি জেলার মানুষ মৃদু কম্পন অনুভব করেন।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা ভোর ৫টায় দেওয়া এক বিজ্ঞপ্তিতে ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রিখটার স্কেলে ৪.১ মাত্রার এই ভূমিকম্পকে ‘মৃদু’ শ্রেণির হিসেবে ধরা হয়। ভূমিকম্পটির কেন্দ্রস্থল রাজধানী ঢাকা থেকে প্রায় ১৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সাতক্ষীরার কলারোয়া এলাকায় অবস্থিত।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির ভৌগোলিক অবস্থান ছিল ২২ দশমিক ৮৪ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৯ দশমিক ০১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্র (ইএমএসসি) এবং ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) থেকেও ভূমিকম্পটির তথ্য নিশ্চিত করা হয়েছে। উভয় সংস্থার তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থলের গভীরতা ছিল ১৫০ কিলোমিটার।

ভোররাতে এই ভূমিকম্পে সাতক্ষীরা ও খুলনা অঞ্চলের বাসিন্দাদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ঘুম থেকে জেগে ওঠেন এবং কেউ কেউ নিরাপদ স্থানে সরে যান। তবে এখন পর্যন্ত কোথাও কোনো হতাহতের ঘটনা বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।