
এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন
ক্যান্টনমেন্টে অস্ত্র নিয়ে প্রবেশের চেষ্টার সময় দায়িত্বরত নিরাপত্তা সদস্যদের সঙ্গে অশালীন ও অবমাননাকর আচরণের অভিযোগ উঠেছে ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী ডা. স. ম. খালিদুজ্জামানের বিরুদ্ধে। এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা না চাইলে তাকে ক্যান্টনমেন্ট এলাকায় অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন।
সংগঠনটির সভাপতি লেফটেন্যান্ট কর্নেল (অব.) সাইফুল্লাহ খান সাইফ স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ক্যান্টনমেন্ট একটি সংবেদনশীল নিরাপত্তা এলাকা হওয়া সত্ত্বেও ওই প্রার্থী অস্ত্রসহ সেখানে প্রবেশের চেষ্টা করেন। নিরাপত্তা সদস্যরা তাকে বাধা দিলে তিনি ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন এবং সেনাসদস্যদের উদ্দেশে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করেন বলে অভিযোগ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের আচরণ সামরিক বাহিনীর মর্যাদা ও মনোবলের পাশাপাশি রাষ্ট্রীয় শৃঙ্খলার ওপর সরাসরি আঘাত হানে। এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
সংগঠনটি জানায়, রাজনৈতিক পরিচয় কখনোই কাউকে আইন ও সংবিধানের ঊর্ধ্বে স্থান দেয় না। ক্যান্টনমেন্ট কোনো রাজনৈতিক প্রভাব বিস্তারের ক্ষেত্র নয়; এটি একটি গুরুত্বপূর্ণ ও সংরক্ষিত নিরাপত্তা অঞ্চল।
বিবৃতিতে বলা হয়, অভিযুক্ত প্রার্থী যদি তার আচরণের জন্য প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা না চান এবং ভবিষ্যতে এমন আচরণ না করার অঙ্গীকার না করেন, তাহলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে ক্যান্টনমেন্টে ‘পারসোনা নন গ্রাটা (পিএনজি)’ ঘোষণার জন্য জোর দাবি জানানো হবে। জাতীয় নিরাপত্তা ও সামরিক বাহিনীর মর্যাদার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না বলেও উল্লেখ করা হয়।











































