
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘জনপ্রত্যাশার বাংলাদেশ’ শীর্ষক ইশতেহার ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইশতেহারে ৩০ দফা মৌলিক কর্মসূচি ও ১২টি বিশেষ কর্মসূচি তুলে ধরা হয়েছে।
বুধবার রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠিকভাবে ইশতেহার ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
ইশতেহারে রাজনীতিতে গুণগত পরিবর্তন, দুর্নীতি ও দুঃশাসনমুক্ত কল্যাণরাষ্ট্র গঠন, রাষ্ট্র পরিচালনায় শরিয়াহর প্রাধান্য, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা, কৃষি ও শিল্পবিপ্লবের মাধ্যমে বেকারত্ব ও দারিদ্র্য দূর, সবার জন্য উন্নত স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা, নারীর অগ্রাধিকারভিত্তিক অধিকার, পরিবেশ সুরক্ষা, ধর্মীয় স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং খুন, গুম ও রাজনৈতিক নিপীড়নের অবসানের অঙ্গীকার করা হয়।
এ ছাড়া সুষ্ঠু নির্বাচন ও কার্যকর সংসদ নিশ্চিত করতে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালুর কথাও ইশতেহারে উল্লেখ করা হয়।
বিশেষ ১২ কর্মসূচির মধ্যে রয়েছে- হতদরিদ্র জনগোষ্ঠীর জন্য মাসিক ৫ হাজার টাকা নগদ সহায়তা, প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের প্রতিদিন পুষ্টিকর খাবার, ১৮ থেকে ২৪ বছর বয়সী যুবকদের জন্য সুদমুক্ত ও জামানতবিহীন ঋণ, সার্বজনীন স্বাস্থ্যকার্ড চালু, ন্যাশনাল জব পোর্টাল চালু, কর্মজীবী মায়েদের জন্য দিবাযত্ন কেন্দ্র, সরকারি নিয়ন্ত্রিত বাস ব্যবস্থা, নারী পোশাকশ্রমিকদের আবাসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভাঙা এবং কওমি সনদের পূর্ণ বাস্তবায়ন।
ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।









































