রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শেয়ার

পে-স্কেল বাস্তবায়নে বড় কর্মসূচিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা


pay-scale

ফাইল ছবি

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি চাকরিজীবীরা শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীতে বড় কর্মসূচি পালন করতে যাচ্ছেন। এর আগে গত তিন দিন তারা দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন। বৃহস্পতিবার চার ঘণ্টার কর্মবিরতির মধ্য দিয়ে তাদের আন্দোলন আরও তীব্র আকার ধারণ করেছে।

আন্দোলনকারীরা জানিয়েছেন, সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সারা দেশে সরকারি, আধা-সরকারি এবং পে-স্কেলের আওতাভুক্ত অফিসগুলোতে এই কর্মবিরতি পালন করা হয়েছে। তারা জানিয়েছে, শুক্রবারের কর্মসূচিতে লাখো সরকারি কর্মকর্তা এবং কর্মচারী অংশ নেবেন এবং শহীদ মিনার থেকে একটি বিশাল মিছিল বের করা হবে।

বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক ওয়ারেছ আলী সাংবাদিকদের বলেন, “আমরা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে আসছি। কিন্তু সরকারের কর্ণপাত না করার কারণে আমাদের এখন আরও কঠোর হতে হচ্ছে। নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে আমরা শুক্রবার একটি বিশাল কর্মসূচি নেব।”

সরকারি অফিসের উচ্চপদস্থরা কর্মকর্তারা জানিয়েছেন, কর্মবিরতির কারণে কিছু অফিসে কাজ ব্যাহত হলেও গুরুত্বপূর্ণ কার্যক্রম চলমান রয়েছে। আন্দোলনকারীরা জানাচ্ছেন, যদি সরকার দ্রুত পে-স্কেল বাস্তবায়নের বিষয়ে পদক্ষেপ না নেয়, তবে আন্দোলন আরও বড় এবং তীব্র আকারে চলবে।

এই কর্মসূচির মাধ্যমে সরকারি কর্মচারীরা পুনরায় সরকারের দৃষ্টি আকর্ষণ করতে এবং পে-স্কেল বাস্তবায়ন ত্বরান্বিত করার প্রত্যাশা ব্যক্ত করছেন।