শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ৬ ফেব্রুয়ারি ২০২৬, ৪:৫৮ অপরাহ্ন
শেয়ার

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ


Abdullah-Zaber-Inqilab

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। ফাইল ছবি

জাতিসংঘের অধীনে শহীদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত ও ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়।

ইনকিলাব মঞ্চ সূত্র জানায়, বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার দিকে যাত্রা শুরু করেন। এ সময় ইন্টারকন্টিনেন্টাল মোড়ের ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। সংঘর্ষের মধ্যেই আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হন।

এর আগে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে কয়েক দফা আলটিমেটাম দিয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে শহীদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্তের দাবিতে যমুনার প্রবেশমুখে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।

শুক্রবার বিকেলে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনাস্থলে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি ও আন্দোলন অব্যাহত ছিল।