রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৮ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৪১ অপরাহ্ন
শেয়ার

অন্তর্বর্তী সরকারের দম ফুরিয়ে গেছে: দেবপ্রিয় ভট্টাচার্য


Doctor-Debopriyo

ফাইল ছবি

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার ও বিচার কার্যক্রম বাস্তবায়নের সক্ষমতা কার্যত শেষ পর্যায়ে পৌঁছেছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর একটি হোটেলে ‘অঙ্গীকার থেকে বাস্তবায়ন: রাজনৈতিক অন্তর্ভুক্তি ও গণতান্ত্রিক জবাবদিহিতা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘তাদের (অন্তর্বর্তী সরকার) যতটুকু সংস্কার করার সুযোগ ছিল, যেটুকু সংস্কার করার জায়গা ছিল, যেটুকু বিচার করার জায়গা ছিল—ওনাদের দম ফুরিয়ে গেছে।’

অনুষ্ঠানটির আয়োজন করে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অন্তর্বর্তী সরকারের যে সক্ষমতা ও সম্ভাবনা ছিল, তা এখন শেষ সীমায় পৌঁছেছে। তাঁর মতে, সরকারের সামনে এখন একমাত্র বাস্তবসম্মত কাজ হলো একটি ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা।

অনুষ্ঠানে সংখ্যালঘু সম্প্রদায়ের নির্বাচনী অংশগ্রহণের প্রতিবন্ধকতা চিহ্নিত করতে সিজিএস পরিচালিত একটি জরিপের ফলাফল তুলে ধরা হয়। জরিপে দেশের বিভিন্ন এলাকার ৫০৫ জন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মতামত নেওয়া হয়।

জরিপের ফল অনুযায়ী, নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে ৫০ শতাংশের বেশি উত্তরদাতা উদ্বিগ্ন এবং ২৫ শতাংশের বেশি উত্তরদাতা নিজেকে অনিরাপদ বা চরম অনিরাপদ মনে করেন।

ফলাফল প্রকাশের পর আলোচনায় দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্যের সঙ্গে বাস্তব কার্যক্রমের মিল নেই। তিনি বলেন, ‘ধর্মবর্ণ–নির্বিশেষে সবাই এক ছাতার নিচে থাকবে—এ কথা বলা হলেও বাস্তবে সেই ছাতা খোলা হয়নি।’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয় বলেও মন্তব্য করেন তিনি। তবে নির্বাচনকে আরও অংশগ্রহণমূলক করার সুযোগ এখনো রয়েছে বলে মনে করেন দেবপ্রিয় ভট্টাচার্য।

তিনি বলেন, নারী, বিভিন্ন জনগোষ্ঠী এবং ভিন্নমতের রাজনৈতিক শক্তিসহ সবার জন্য নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে ভোটে আনতে এবং ভোটের আগে ও পরে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অন্তর্বর্তী সরকারের সামনে ভালো কাজ করার এটি শেষ সুযোগ। তাঁর মতে, সরকার যদি একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে পারে, তাহলে ইতিহাসের পাতায় তাদের কিছুটা হলেও ইতিবাচক জায়গা পাওয়ার সুযোগ থাকবে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও বক্তব্য দেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার এবং অর্থনীতিবিদ সেলিম জাহান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিজিএসের সভাপতি জিল্লুর রহমান।