রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৯ ফেব্রুয়ারি ২০২৬, ৪:৩৯ অপরাহ্ন
শেয়ার

মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশের নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবেন সাংবাদিকরা; আশ্বাস ইসির


Mobile EC

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ফোন বহনের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সোমবার (৯ ফেব্রুয়ারি) ইসির পক্ষ থেকে জানানো হয়, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্তে শিথিলতা আনা হবে।

এর আগে রোববার ইসি ঘোষণা দেয়, নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের চারশ গজের মধ্যে মোবাইল ফোন বহনে বিধিনিষেধ থাকবে। এ বিষয়ে ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠি সারাদেশের রিটার্নিং অফিসারদের কাছে পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ, আনসার, সাধারণ আনসার বা ভিডিপির কেউ মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবেন না। কেবলমাত্র ‘নির্বাচন সুরক্ষা–২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুজন আনসার সদস্য মোবাইল বহনের অনুমতি পাবেন।

তবে এ সিদ্ধান্ত নিয়ে সাংবাদিকদের মধ্যে উদ্বেগ তৈরি হলে নির্বাচন কমিশন জানায়, সংবাদ সংগ্রহের স্বার্থে সাংবাদিকদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা শিথিল করা হবে এবং তারা দায়িত্ব পালনের সময় মোবাইল ফোন বহন করতে পারবেন।