শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শেয়ার

সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানের মৃত্যু


Abdul Mannan

অ্যাডভোকেট আব্দুল মান্নান খান

সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নান খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা প্রায় ৬টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পারিবারিক সূত্রে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতা ও শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

তার ছোট ছেলে হাসিব মাহমুদ খান অনিন্দ্য মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাবার রুহের মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, ব্রেন স্ট্রোকের পর কিছুদিন আগে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয় এবং পরে লাইফ সাপোর্টে রাখা হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার দুপুরে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার হৃদ্‌রোগজনিত জটিলতা দেখা দেয় এবং সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আব্দুল মান্নান খান ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হয়ে দলটির দপ্তর সম্পাদক হিসেবে তিনবার এবং সভাপতিমণ্ডলী ও উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেন।