
ছবি: সংগৃহীত
নোয়াখালীর হাতিয়ায় নির্বাচন-পরবর্তী সহিংসতা ও নেতাকর্মী-সমর্থকদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে দলটির বাংলামোটর কার্যালয় থেকে মিছিলটি বের করা হয়। পরে নেতাকর্মীরা সেখান থেকে শাহবাগের উদ্দেশ্যে রওনা হন।
এনসিপির নেতাকর্মী বাংলামোটর কার্যালয়ের সামনে জড়ো হয়ে মিছিল শুরু করেন। এ সময় ‘ধর্ষকদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘ধর্ষকদের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘একদিনে ৩ খুন, তারেক জিয়ার অনেক গুণ’- এমন নানা স্লোগান দেন তারা।
এনসিপি দাবি করেছে, ১৩ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১১টার দিকে চানন্দি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ধানসিঁড়ি আশ্রয়ণ প্রকল্প এলাকায় ‘শাপলা কলি’ প্রতীকে ভোট দেওয়ার অভিযোগে এক তিন সন্তানের জননীকে নির্যাতনের ঘটনা ঘটে। দলটির অভিযোগ, ঘটনার সময় ভুক্তভোগীর স্বামীকে বেঁধে রেখে তাকে শারীরিক নির্যাতন করা হয়। পরদিন সকালে তার বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে বলে অভিযোগ করা হয়েছে। বর্তমানে ওই নারী নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানায় এনসিপি।
এনসিপি জানায়, গত তিন দিনে হাতিয়ায় তাদের অন্তত ৫০০ নেতাকর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে এবং অন্তত ১৩ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এলাকায় ভীতি সৃষ্টির উদ্দেশ্যে সুপরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ এনসিপির।
বিক্ষোভ কর্মসূচিতে দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা হাতিয়ায় সহিংসতার ঘটনার প্রতিবাদ জানিয়ে দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।










































