
আবু আবদুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী)
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব হিসেবে আবু আবদুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী)কে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে সচিব পদমর্যাদায় দায়িত্ব দেওয়ার বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ পদে দায়িত্ব পালনের জন্য তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে বিদ্যমান কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে। যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল পর্যন্ত অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে তিনি দায়িত্বে বহাল থাকবেন। সচিব পদমর্যাদায় তার মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ৭৮ হাজার টাকা। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
একই দিনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে। পৃথক প্রজ্ঞাপনে মো. মেহেদুল ইসলামকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ (পিএস-২) হিসেবে নিয়োগ দেওয়া হয়।
এ ছাড়া অতিরিক্ত প্রেস সচিব পদে আতিকুর রহমান রুমন এবং সহকারী একান্ত সচিব-২ (এপিএস-২) পদে আব্দুর রহমান সানিকেও নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, এসব নিয়োগ অবিলম্বে কার্যকর হবে।








































