শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ২২ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৪৫ পূর্বাহ্ন
শেয়ার

রাজধানীতে থানা ঘেরাও করে বিক্ষোভ


Demonestration

চাঁদাবাজি ও ছিনতাই বন্ধের দাবিতে রাজধানীর মোহাম্মদপুর এলাকার আদাবর থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে চাঁদাবাজি ও ছিনতাইয়ের প্রতিকার চেয়ে থানা ঘেরাওয়ের পাশাপাশি সড়ক অবরোধ করে প্রতিবাদ কর্মসূচি শুরু করেন তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার পর আদাবর এলাকায় চাঁদা দাবিকে কেন্দ্র করে একটি এমব্রয়ডারি কারখানার মালিক ও শ্রমিকদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কয়েকজনকে আহত করা হয়। এ ঘটনার বিচার ও এলাকায় চাঁদাবাজি-ছিনতাই বন্ধের দাবিতে রাতেই ভুক্তভোগী শ্রমিক ও স্থানীয়রা থানা ঘেরাও করেন।

রাত ১টার পরও বিক্ষোভ চলতে থাকে এবং বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় আন্দোলনকারীদের।

মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) মো. আবদুল্লাহ আল মামুন জানান, একটি এমব্রয়ডারি ফ্যাক্টরিতে বেতন বিতরণের সময় ১০–১২ সদস্যের একটি সশস্ত্র দল চাপাতি নিয়ে হামলা চালায়। এ সময় মোবাইল ফোন ও টাকা ছিনতাইয়ের চেষ্টা করা হয় এবং কয়েকজন শ্রমিক আহত হন।

তিনি বলেন, আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার খবর আশপাশের কারখানাগুলোতে ছড়িয়ে পড়লে শ্রমিকরা ছিনতাইকারীদের কথিত নেতা রাসেলের বাড়ি ঘেরাও করেন। তাকে না পেয়ে তার বাবাকে অবরোধ করা হয়। পরে রাসেলের বাবা পুলিশে খবর দিলে নিরাপত্তার স্বার্থে তাকে থানায় নেওয়া হয়। এরপরই উত্তেজিত জনতা থানার সামনে জড়ো হয়।

সহকারী কমিশনার আরও জানান, হামলার ঘটনায় সংশ্লিষ্ট কারখানার মালিক বাদী হয়ে একটি মামলা করেছেন এবং বিষয়টি তদন্ত করছে পুলিশ। অপরাধী যেই হোক না কেন, সবাইকে আইনের আওতায় আনা হবে।