বুধবার । মার্চ ১১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২২ ফেব্রুয়ারি ২০২৬, ৯:২২ অপরাহ্ন
শেয়ার

মামুনুল হকের বিরুদ্ধে মামলার ঘোষণা ববি হাজ্জাজের


bobi-mamunul

ববি হাজ্জাজ ও মামুনুল হক। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্র দখল ও বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী মামুনুল হককে প্রধান আসামি করে একাধিক মামলা করার ঘোষণা দিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন নেতাকর্মীদের দেখতে গিয়ে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

ববি হাজ্জাজের দাবি, নির্বাচনের দিন একাধিক ভোটকেন্দ্রে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মামুনুল হক উপস্থিত থেকে হামলার নির্দেশ দেন। এসব ঘটনায় শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন এবং তাদের অনেককে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। এখনও কয়েকজন হাসপাতালে ভর্তি আছেন বলেও জানান তিনি।

শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হওয়ার আগে অনেক চড়াই-উতরাই পার হতে হয়েছে। প্রতিপক্ষ কেন্দ্র দখলের চেষ্টা করেছে। এই হামলার ঘটনা আইনগতভাবে মোকাবিলা করা হবে। প্রত্যেক আহত কর্মীর বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তবে ববি হাজ্জাজের অভিযোগ অস্বীকার করেছেন মামুনুল হক। তিনি গণমাধ্যমকে বলেন, তারা আমাদের মেরেও জিতেছে, এখন কান্নাকাটি করেও জিততে চাচ্ছে। ভোটের দিন তেমন কোনো সংঘাত হয়নি। একটি কেন্দ্রে যাওয়ার পর তারা আমার ওপর চড়াও হওয়ার চেষ্টা করে। পুলিশ তাদের বাধা দেয়। পরে সেনাবাহিনী এসে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে।

তিনি আরও দাবি করেন, যারা আহত হয়েছেন, তারা পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপের সময় আহত হয়েছেন। ফ্যাসিবাদী কায়দায় আঘাত করে, ভোট কারচুপি করে আমাদের বিজয় ছিনতাই করার পর এখন আবার মামলা দিয়ে হয়রানির চেষ্টা করা হচ্ছে। এতে স্থিতিশীল পরিবেশ নষ্ট হবে, যার দায় তাদেরই নিতে হবে।