শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১:৪৫ অপরাহ্ন
শেয়ার

সিসিইউতে চিকিৎসাধীন সেলিনা রহমানকে দেখতে হাসপাতালে ডা. রফিকুল ইসলাম


selina rahman

সেলিনা রহমানকে দেখতে গেছেন দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সেলিনা রহমানকে দেখতে গেছেন দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম।

রোববার (২২ ফেব্রুয়ারি) তিনি হাসপাতালে গিয়ে সেলিনা রহমানের চিকিৎসার খোঁজখবর নেন এবং দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে তাঁর সর্বশেষ অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এসময় তিনি অসুস্থ নেত্রীর পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে উচ্চমাত্রার জ্বর, শরীর ব্যথা ও ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন সেলিনা রহমান। পরবর্তীতে পায়ে তীব্র ব্যথা অনুভূত হলে প্রয়োজনীয় পরীক্ষার পর তাঁর পায়ে ‘ডিপ ভেইন থ্রম্বসিস’ (DVT) বা রক্তনালী জমাট বাঁধার সমস্যা ধরা পড়ে।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে তাৎক্ষণিকভাবে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। তবে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ ও প্রাথমিক চিকিৎসার পর বর্তমানে তাঁর অবস্থা কিছুটা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।

প্রবীণ এই রাজনীতিকের দ্রুত সুস্থতা কামনা করে তাঁর পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।