
ফাইল ছবি
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তথ্যগুলোকে অসত্য ও বিভ্রান্তিকর বলে দাবি করেছে দলটি। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন মাধ্যমে দাবি করা হচ্ছে যে, দলের শীর্ষ নেতাদের স্ত্রী বা নিকটাত্মীয়রা নারী সংসদ সদস্য হিসেবে মনোনয়ন পাচ্ছেন। জামায়াত স্পষ্ট করেছে যে, এই দাবিগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই এমনটি করা হচ্ছে।
অ্যাডভোকেট জুবায়ের জানান, জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক সংগঠন। এখানে সংরক্ষিত নারী আসনের মনোনয়নসহ সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দলীয় গঠনতন্ত্র অনুযায়ী নেওয়া হয়। প্রার্থী নির্বাচনে ব্যক্তিগত আত্মীয়তা বা স্বজনপ্রীতির কোনো সুযোগ নেই।
দলটি আরও নিশ্চিত করেছে যে, নারী সংসদ সদস্য মনোনয়ন প্রক্রিয়া সম্পূর্ণ গঠনতান্ত্রিক পদ্ধতিতে এবং মহিলা বিভাগের সঙ্গে পরামর্শ করেই সম্পন্ন করা হবে। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমের অপপ্রচারে কান না দিতে এবং বিভ্রান্তিকর তথ্য প্রচার না করতে সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।








































