শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শেয়ার

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এনসিপির ১০ দিনের কর্মসূচি ঘোষণা


NCP logo

ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকায় আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ ঘোষণা দেন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।

‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’—এই স্লোগানকে সামনে রেখে ১০ দিনের কর্মসূচি গ্রহণ করেছে এনসিপি। ‘বিপ্লব | বিকল্প | বিনির্মাণ’ আদর্শ ধারণ করে আগামী ২৮ ফেব্রুয়ারি জুলাই শহীদ পরিবারের সদস্য, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের নেতা, গণমাধ্যমকর্মী ও অ্যাক্টিভিস্ট এবং সারা দেশের জেলা কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। একই দিনে গত এক বছরের কর্মসূচি নিয়ে ডকুমেন্টারি ও চিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে।

এছাড়া বিভাগীয় পর্যায়েও ধারাবাহিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। সূচি অনুযায়ী— ২ মার্চ চট্টগ্রাম, ৩ মার্চ কুমিল্লা, ৪ মার্চ সিলেট, ৫ মার্চ ময়মনসিংহ, ৬ মার্চ ঢাকা, ৭ মার্চ ফরিদপুর, ৮ মার্চ বরিশাল, ৯ মার্চ খুলনা, ১০ মার্চ রাজশাহী, ১১ মার্চ রংপুর, ১২ মার্চ ঢাকা মহানগর, ১৩ মার্চ ঢাকা মহানগর উত্তর এবং ১৪ মার্চ ঢাকা মহানগর দক্ষিণে কর্মসূচি পালিত হবে।

আরিফুল ইসলাম আদীব জানান, ২৮ ফেব্রুয়ারি ধানমন্ডির আবাহনী ক্লাব মাঠে প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করবে এনসিপি। এতে নাহিদ ইসলাম, মামুনুল হক এবং ঢাকা-১২ আসনের সংসদ সদস্য উপস্থিত থাকবেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ, ইফতার ও দোয়া মাহফিলের পাশাপাশি চিত্রপ্রদর্শনীরও আয়োজন করবে দলটি।