
ছুটির দিনগুলোতেও বিপিসির অধীনস্থ বিপণন কোম্পানিগুলোর প্রধান স্থাপনা ও ডিপো খোলা থাকবে
দেশে জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। এখন থেকে সরকারি ছুটির দিনগুলোতেও বিপিসির অধীনস্থ বিপণন কোম্পানিগুলোর প্রধান স্থাপনা ও ডিপো খোলা থাকবে। বিশেষ করে শুক্র ও শনিবার নিয়মিতভাবে জ্বালানি তেল সরবরাহ কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার বিপিসির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। সেখানে জানানো হয়, দেশের বিভিন্ন প্রান্তে হঠাৎ জ্বালানি তেলের চাহিদা বেড়ে যাওয়ায় সরবরাহ ব্যবস্থা সচল রাখতেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিপিসির নির্দেশনা অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বিদেশ থেকে নিয়মিত জ্বালানি তেল আমদানি করা হচ্ছে। আমদানিকৃত এই তেল প্রধান স্থাপনা থেকে রেল ওয়াগন ও ট্যাংকারের মাধ্যমে দেশের বিভিন্ন অভ্যন্তরীণ ডিপোতে পাঠানো হচ্ছে, যেখান থেকে তা পৌঁছে যাচ্ছে ফিলিং স্টেশনগুলোতে।
সম্প্রতি মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে জ্বালানি সরবরাহ নিয়ে সাধারণ মানুষের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে। এর ফলে দেশের বিভিন্ন ফিলিং স্টেশনে গ্রাহকদের দীর্ঘ ভিড় লক্ষ্য করা গেছে এবং তেলের বিক্রিও স্বাভাবিকের চেয়ে অনেক বেড়ে গেছে। উদ্ভূত পরিস্থিতিতে সরবরাহ নিয়ন্ত্রণ করতে এর আগে বিপিসি মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহনের জন্য তেল বিক্রির নির্দিষ্ট সীমা নির্ধারণ করে দিয়েছিল।
বিপিসির কর্মকর্তারা মনে করছেন, ছুটির দিনেও ডিপো খোলা রাখার এই সিদ্ধান্তের ফলে তেল পরিবহন ও সরবরাহ কার্যক্রম আরও গতিশীল হবে। এতে ফিলিং স্টেশনগুলোর ওপর চাপ কমবে এবং সাধারণ মানুষের উদ্বেগ নিরসন হবে। বিপিসির সচিব শাহিনা সুলতানা জানিয়েছেন, জনস্বার্থে এবং সরবরাহ চেইন ঠিক রাখতেই এই বাড়তি পদক্ষেপ নেওয়া হয়েছে।






































