বৃহস্পতিবার । মার্চ ১২, ২০২৬
সেতু ইসরাত উদ্যোগ ১২ মার্চ ২০২৬, ১:০৩ অপরাহ্ন
শেয়ার

জয়িতা ঈদ মেলা-২০২৬

মাটির সুবাস আর নিপুণ কারুকাজে মুখর জয়িতা ঈদ মেলা


Joyeta mela

বাছাইকৃত ১১টি উদ্যোগ তাদের পন্যের পসরা সাজিয়েছেন

বসন্তের বিদায়বেলা আর আসন্ন ঈদুল ফিতরের আগাম খুশিতে রাজধানী যখন মাতোয়ারা, ঠিক তখনই ধানমন্ডি ২৭-এর জয়িতা টাওয়ারে লেগেছে এক অন্যরকম উৎসবের ছোঁয়া। নারী দিবস আর ঈদের আনন্দকে এক সুতোয় গেঁথে এখানে শুরু হয়েছে সাত দিনব্যাপী ‘জয়িতা ঈদ মেলা-২০২৬’। এটি কেবল একটি কেনাকাটার আয়োজন নয় বরং বাংলার নারী উদ্যোক্তাদের স্বপ্ন আর সৃজনশীলতার এক অপূর্ব মিলনমেলা।

মেলায় পা রাখলেই চোখে পড়ে ঐতিহ্যের সাথে আধুনিকতার এক নান্দনিক মেলবন্ধন। স্টলগুলোতে শোভা পাচ্ছে বাংলার সুপ্রাচীন হেরিটেজ পণ্য থেকে শুরু করে হালের আধুনিক ডিজাইনের সব পোশাক। নিপুণ কারুকার্যে তৈরি হাতে করা গহনা কিংবা মাটির সোঁদা গন্ধে মাখা শৌখিন মৃৎশিল্প—প্রতিটি পণ্যই যেন বলছে এক একটি সফলতার গল্প।

Joyeta mela

স্টলে শোভা পাচ্ছে হেরিটেজ পণ্য থেকে শুরু করে হালের আধুনিক ডিজাইনের সব পোশাক

এবারের মেলার বিশেষ আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে ন্যাচারাল ডাই বা প্রাকৃতিক রঙের পোশাক এবং গহনা। যান্ত্রিক শহরের ভিড়ে মাটির কাছাকাছি থাকার এই আকুলতা যেন টেনে আনছে তরুণ ক্রেতাদের, যাদের স্বতঃস্ফূর্ত ভিড় মেলাপ্রাঙ্গণকে করে তুলেছে প্রাণবন্ত।

মেলাজুড়ে ছড়িয়ে আছে দেশীয় মেধা আর শুদ্ধ ঐতিহ্যের সুবাস। শহর থেকে গ্রাম—দেশজুড়ে ছড়িয়ে থাকা একদল স্বপ্নবাজ নারী উদ্যোক্তা তাদের অন্তরের সমস্ত মাধুরী মিশিয়ে তৈরি করা সেরা সৃষ্টিগুলো নিয়ে হাজির হয়েছেন এখানে। তাঁদের মেধা আর সৃজনশীলতার এই ছোঁয়ায় মুগ্ধ হচ্ছেন আগত দর্শনার্থীরা। মেলায় আসা প্রতিটি পণ্য যেন উদ্যোক্তাদের নিজের হাতের জাদুতে বোনা এক একটি শিল্পকর্ম।

Joyeta mela

সৃজনশীলতার ছোঁয়ায় মুগ্ধ হচ্ছেন আগত দর্শনার্থীরা।

নারী উদ্যোক্তাদের এই স্বতঃস্ফূর্ত পদচারণায় মুখরিত জয়িতা টাওয়ারের এই আয়োজন চলবে আগামী ১৪ মার্চ পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত উন্মুক্ত এই মেলাপ্রাঙ্গণ আপনার অপেক্ষায়। দেশীয় পণ্যের আভিজাত্য আর ঐতিহ্যের মিশেলে নিজের ঈদের কেনাকাটাকে স্মরণীয় করে রাখতে আপনিও ঘুরে আসতে পারেন এই স্বপ্নপুরী থেকে।

বাংলা টেলিগ্রাফ উদ্যোগের গল্প