মঙ্গলবার । মার্চ ১৭, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৬ মার্চ ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শেয়ার

সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


saidpur-airport

ফাইল ছবি

দেশের বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ জনবহুল স্থানে জনসেবার মান উন্নয়ন ও ডিজিটাল সুবিধা বাড়াতে ফ্রি ওয়াই-ফাই সেবা চালু করা হচ্ছে। এরই অংশ হিসেবে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিনামূল্যে ওয়াই-ফাই সেবার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৬ মার্চ) রাতে দিনাজপুর সফর শেষে ঢাকায় ফেরার পথে তিনি এই সেবার উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলি জানান, সৈয়দপুর বিমানবন্দরে ওয়াই-ফাইয়ের কিউআর কোড স্ক্যান করে আনুষ্ঠানিকভাবে এই সেবা চালু করেন প্রধানমন্ত্রী। সরকারের পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে দেশের সব বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় এই ইন্টারনেট সুবিধা চালু করা হবে।

তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে প্রধানমন্ত্রী সারা দেশের গুরুত্বপূর্ণ জনবহুল স্থানে বিনামূল্যে পাবলিক ইন্টারনেট সেবা চালু করছেন। এর আওতায় রেলওয়ে স্টেশন, বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে সাধারণ মানুষ বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

এরইমধ্যে কক্সবাজার ও রাজশাহী বিমানবন্দর এবং ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন ও কক্সবাজার রেলওয়ে স্টেশনে এই সেবা চালু করা হয়েছে।

প্রেসসচিব আরও জানান, এই উদ্যোগের ফলে যাত্রী ও সাধারণ মানুষ সহজেই ইন্টারনেট ব্যবহার করে প্রয়োজনীয় তথ্য আদান-প্রদান, অনলাইন যোগাযোগ এবং ভ্রমণসংক্রান্ত বিভিন্ন কাজ করতে পারবেন। সরকারের ডিজিটাল সেবা সম্প্রসারণের অংশ হিসেবে দেশব্যাপী এই প্রযুক্তি সুবিধা বাড়ানো হচ্ছে।