বুধবার । মার্চ ১৮, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৭ মার্চ ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শেয়ার

প্রধানমন্ত্রীকে সমবেদনা জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি


muizzu-tareque

ছবি: সংগৃহীত

মালদ্বীপে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ বাংলাদেশি নাগরিকের মৃত্যুর ঘটনায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি পাঠিয়ে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু। মঙ্গলবার (১৭ মার্চ) পাঠানো এক বিশেষ বার্তায় তিনি এই শোক প্রকাশ করেন।

প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে প্রেসিডেন্ট মুইজ্জু অত্যন্ত দুঃখ প্রকাশ করে বলেন, ‘এই কঠিন সময়ে মালদ্বীপের সরকার এবং জনগণ বাংলাদেশের প্রধানমন্ত্রী, সরকার এবং বিশেষ করে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।’ তিনি আরও উল্লেখ করেন যে, মালদ্বীপের সাধারণ মানুষ এই সংকটে ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে এবং অগ্নিকাণ্ডে আহত হয়ে যারা চিকিৎসাধীন আছেন, তাদের দ্রুত আরোগ্য কামনা করছে।

বার্তায় মালদ্বীপের প্রেসিডেন্ট সে দেশে বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের অবদানের কথা বিশেষভাবে স্মরণ করেন। তিনি বলেন, ‘প্রবাসীরা বাংলাদেশি মালদ্বীপের সমাজে অত্যন্ত মূল্যবান ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই দুর্ঘটনার ফলে সৃষ্ট ভয়াবহ ক্ষতি ও দুঃখের সমান অংশীদার আমরাও।’

প্রেসিডেন্ট মুইজ্জু নিশ্চিত করেছেন যে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই অগ্নিকাণ্ডের বিষয়টি নিবিড়ভাবে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে এই ধরনের মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি রোধে মালদ্বীপ সরকার সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে।

উল্লেখ্য, গত ১৩ মার্চ মালদ্বীপের রাজধানী মালে থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত ডিগুরাহ দ্বীপের একটি গেস্ট হাউসে রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের মর্মান্তিক ঘটনা ঘটে। ওই বিস্ফোরণ থেকে সৃষ্ট আগুনে ঘটনাস্থলেই পাঁচজন প্রবাসী বাংলাদেশি প্রাণ হারান।