শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ২১ মার্চ ২০২৬, ৭:৪৭ পূর্বাহ্ন
শেয়ার

রাজধানীতে কখন কোথায় ঈদ জামাত


Eid jamat

মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর আজ

মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর আজ। ঈদগাহ ও মসজিদে মুসল্লিরা দুই রাকাত নামাজ আদায় করবেন। শনিবার ঢাকা মহানগরীতে ১২১টি ঈদগাহ ও ১ হাজার ৫৯৯টি মসজিদে মোট ১ হাজার ৭৭১টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিতে সমন্বিত ও সুদৃঢ় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। ঈদুল ফিতর উপলক্ষে দেশের প্রধান ঈদ জামাত সকাল সাড়ে ৮টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক জাতীয় ঈদগাহে ইমামতি করবেন
বিকল্প ইমাম হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী প্রস্তুত থাকবেন।
ঈদের প্রধান জামাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশ নেওয়ার কথা রয়েছে।
জাতীয় ঈদগাহের প্রধান জামাত আয়োজনের দায়িত্ব পালন করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। বায়তুল মোকাররমে সকাল ৭টা, সকাল ৮টা, সকাল ৯টা, সকাল ১০টা ও সকাল ১০টা ৪৫ মিনিটে জামাতগুলো হবে।

প্রথম জামাতে মাওলানা মিজানুর রহমান এবং দ্বিতীয় জামাতে মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী ইমামতি করবেন
তৃতীয় জামাতে মাওলানা মো. জাকির হোসেন এবং চতুর্থ জামাতে মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী থাকবেন। পঞ্চম ও সর্বশেষ জামাতে ইমামতি করবেন মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে সকাল ৮টায় ঈদ জামাত হবে। এ জামাতে একসঙ্গে ১০ হাজার মানুষ নামাজ আদায় করতে পারবে বলে ডিএনসিসি জানিয়েছে
তবে গত বছরের মতো ঈদ আনন্দ মিছিল বা শোভাযাত্রার কোনো আয়োজন এবার থাকছে না।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল ৮টায় পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। এখানে সংসদ সদস্য ও কর্মকর্তাদের পাশাপাশি সাধারণ মুসল্লিদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে
বসুন্ধরা আবাসিক এলাকায় বিভিন্ন সময়ে মোট ১৭টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

সবচেয়ে প্রথম জামাতটি হবে মারকাজুল ফিকরিল ইসলামীতে সকাল সাড়ে ৬টায় আর ফকিহুল মিল্লাত জামে মসজিদে সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায় ।