রবিবার । মার্চ ২২, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২২ মার্চ ২০২৬, ৯:৫৭ অপরাহ্ন
শেয়ার

হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের


hormuz

হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত

নিজেদের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কোনো ধরনের হামলা চালানো হলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ ‘হরমুজ প্রণালি’ সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে পাল্টা এই শক্ত অবস্থান নিল তেহরান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

রোববার (২২ মার্চ) ইরানের সশস্ত্র বাহিনী ইসলামী বিপ্লবী গার্ড ব্যাটালিয়ন (আইআরজিসি) এক বিবৃতিতে জানায়, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হলে হরমুজ প্রণালি ‘সম্পূর্ণরূপে’ বন্ধ করে দেওয়া হবে। ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো পুনরায় নির্মিত না হওয়া পর্যন্ত এই অবরোধ বলবৎ থাকবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

আইআরজিসি আরও হুঁশিয়ারি দিয়েছে যে, ইরানের বিদ্যুৎকেন্দ্র আক্রান্ত হলে পাল্টা ব্যবস্থা হিসেবে ইসরায়েলের বিদ্যুৎকেন্দ্র, জ্বালানি অবকাঠামো এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি স্থাপনায় ‘ব্যাপক হামলা’ চালানো হবে। এ ছাড়া এই অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের মালিকানাধীন কোম্পানিগুলোকেও ‘সম্পূর্ণরূপে ধ্বংস’ করার হুমকি দেওয়া হয়েছে। এমনকি যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, তাদের বিদ্যুৎকেন্দ্রগুলোকেও বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে ইরান।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই হরমুজ প্রণালিতে কড়া নিয়ন্ত্রণ আরোপ করেছে ইরান। বর্তমানে তেহরানের অনুমতি ছাড়া কোনো জাহাজ বা ট্যাংকার এই গুরুত্বপূর্ণ পথটি পার হতে পারছে না। এর ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়িয়ে গেছে।

ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, হামলা বন্ধ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র, ইসরায়েল বা তাদের সঙ্গে সংশ্লিষ্ট কোনো জাহাজ হরমুজ পার হতে পারবে না। এদিকে, প্রণালিটি উন্মুক্ত রাখতে ন্যাটো মিত্রদের কাছে যুদ্ধজাহাজ পাঠানোর অনুরোধ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে অধিকাংশ দেশই সেখানে যুদ্ধজাহাজ পাঠাতে অনীহা প্রকাশ করেছে।