
ছবি: সংগৃহীত
ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভয়াবহ হামলায় এ পর্যন্ত ৮১ হাজারের বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার (২২ মার্চ) ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি এক বিবৃতিতে এই ক্ষয়ক্ষতির তথ্য নিশ্চিত করেছে। খবর আল–জাজিরার।
ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানায়, এই হামলায় সাধারণ মানুষের আবাসন ছাড়াও চিকিৎসা কেন্দ্র, বিদ্যালয়, অ্যাম্বুলেন্স এবং এমনকি দায়িত্বরত ত্রাণ কর্মীদেরও লক্ষ্যবস্তু করা হয়েছে। সংস্থাটির মতে, বেসামরিক অবকাঠামো ও মানবিক সহায়তাকারীদের ওপর এই ধরনের আক্রমণ আন্তর্জাতিক মানবিক আইন এবং জেনেভা কনভেনশনের চরম লঙ্ঘন।
উল্লেখ্য, জেনেভা কনভেনশন হলো যুদ্ধ চলাকালীন বেসামরিক নাগরিক, আহত সৈন্য এবং মানবিক সহায়তাকারীদের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে প্রণীত কিছু আন্তর্জাতিক চুক্তির সমষ্টি। বিশ্বের প্রায় সব দেশই যুদ্ধের ময়দানে এই নিয়মাবলী মেনে চলতে অঙ্গীকারবদ্ধ। তবে চলমান ইরান-ইসরায়েল যুদ্ধে এই মানবিক আইনের কোনো তোয়াক্কা করা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
হামলার ফলে ইরানের বিভিন্ন শহরে মানবিক সংকট ঘনীভূত হচ্ছে। বিশেষ করে চিকিৎসা কেন্দ্র ও অ্যাম্বুলেন্স ধ্বংস হওয়ায় আহত বেসামরিক নাগরিকদের জরুরি সেবা প্রদান করা কঠিন হয়ে পড়েছে।




































