সোমবার । মার্চ ২৩, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২৩ মার্চ ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শেয়ার

ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামে বাড়ল জ্বালানি তেলের দাম


oil

ছবি: সংগৃহীত

ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটাম এবং ইসরায়েলের যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের লাফ দেখা দিয়েছে। সোমবার (২৩ মার্চ) আন্তর্জাতিক বাজারে লেনদেন শুরুর পরপরই তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যায়।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানায়, নির্ধারিত সময়ের মধ্যে ইরান যদি গুরুত্বপূর্ণ এই নৌপথটি উন্মুক্ত না করে, তবে দেশটির জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোয় সরাসরি হামলার হুমকি দিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের এই কড়া হুঁশিয়ারির পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে। এর প্রভাব পড়েছে সরাসরি তেলের বাজারে।

বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, রোববার রাত ১০টায় বাজার খোলার পরপরই মার্কিন অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)-এর মে মাসের সরবরাহমূল্য ১.৮ শতাংশ বেড়ে ১০০.১১ ডলারে পৌঁছায়। অন্যদিকে, নর্থ সি ব্রেন্ট ক্রুড তেলের দামও পাল্লা দিয়ে বেড়ে সর্বোচ্চ ১১৩.৪৪ ডলারে ওঠে। লেনদেনের শুরুর দিকে এই অস্বাভাবিক বৃদ্ধি দেখা গেলেও পরে তা কিছুটা স্থিতিশীল হয়।

উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা শুরু হওয়ার আগে ডব্লিউটিআই ও ব্রেন্ট ক্রুডের দাম ছিল যথাক্রমে ৬৭.০২ এবং ৭২.৪৮ ডলার। অর্থাৎ যুদ্ধের এক মাসের মধ্যেই তেলের দাম প্রায় দ্বিগুণ হওয়ার উপক্রম হয়েছে।

বাজার বিশ্লেষকরা মনে করছেন, হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি সরবরাহ হয়। এই পথ বন্ধ থাকা এবং ট্রাম্পের সামরিক পদক্ষেপের হুমকি বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের মুদ্রাস্ফীতির ঝুঁকি তৈরি করছে। ৪৮ ঘণ্টার এই আলটিমেটাম শেষ হওয়ার পর পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই তাকিয়ে আছে বিশ্ববাজার।