
ছবি: সংগৃহীত
অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রপ্রবাসী তরুণ ফরোয়ার্ড রোনান সুলিভানের জোড়া গোলে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। মঙ্গলবার (২৪ মার্চ) মালের ন্যাশনাল স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে এই জয় তুলে নেয় বাংলাদেশ।
অভিষেক ম্যাচেই নিজের সামর্থ্যের প্রমাণ দেন সুলিভান। তার দুই গোলেই নিশ্চিত হয় দলের জয়, আর পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের পথে এগিয়ে গেলো কোচ মার্ক কক্সের শিষ্যরা।
ম্যাচের শুরু থেকেই বলের দখল নিজেদের নিয়ন্ত্রণে রাখে বাংলাদেশ। প্রথমার্ধজুড়ে আক্রমণাত্মক ফুটবল খেললেও ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা পায়নি দল। ফলে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই বদলে যায় দৃশ্যপট। আক্রমণের ধার বাড়িয়ে প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করে বাংলাদেশের যুবারা। এরই ধারাবাহিকতায় ম্যাচের ৫৪ মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে প্রথম গোলটি করেন রোনান সুলিভান। ডি-বক্সের বাইরে থেকে নেওয়া তার শক্তিশালী শট জালে জড়ালে এগিয়ে যায় বাংলাদেশ।
৬১ মিনিটে পাকিস্তান গোল করলেও গোলরক্ষকের ওপর ফাউলের কারণে সেটি বাতিল করে দেন রেফারি। এতে স্বস্তি পায় বাংলাদেশ।
এরপর ৬৭ মিনিটে শেখ সংগ্রামের বাড়ানো নিখুঁত লং পাস থেকে দারুণ এক হেডে নিজের দ্বিতীয় ও দলের ব্যবধান দ্বিগুণ করেন সুলিভান। তার জোড়া গোলেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় বাংলাদেশ।
বাকি সময়ে বলের দখল ধরে রেখে পাকিস্তানকে আর কোনো সুযোগই তৈরি করতে দেয়নি লাল-সবুজ জার্সিধারীরা। নির্ধারিত সময়ের সঙ্গে যোগ করা ৭ মিনিটেও ম্যাচে ফেরার মতো কোনো সুযোগ তৈরি করতে পারেনি পাকিস্তান।
অভিষেক ম্যাচেই জোড়া গোল, রোনান সুলিভান যেন জানিয়ে দিলেন, বাংলাদেশ ফুটবলের সামনে এসেছে নতুন এক আক্রমণভাগের ভরসা। দুর্দান্ত এই জয়ে টুর্নামেন্টে আত্মবিশ্বাসী সূচনা করলো বাংলাদেশের যুবারা।
এই জয়ে ‘বি’ গ্রুপে এখন পয়েন্ট তালিকায় সবার ওপরেই অবস্থান করছে বাংলাদেশ। আগামী ২৮ মার্চ গ্রুপের শেষ ম্যাচ ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ।










































