
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও শি জিনপিং
বাংলাদেশের স্বাধীনতার ৫৫তম বার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুকে বিশেষ অভিনন্দন বার্তা পাঠিয়েছেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং। বৃহস্পতিবার (২৬ মার্চ) পাঠানো এই বার্তায় তিনি দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও কৌশলগত অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ করেন।
বার্তায় শি জিনপিং উল্লেখ করেন, চীন ও বাংলাদেশ কেবল ভালো প্রতিবেশীই নয়, বরং তারা বিশ্বস্ত বন্ধু এবং অংশীদার। তিনি বলেন, “উভয় দেশ সর্বদা একে অপরের প্রতি পারস্পরিক শ্রদ্ধা ও সমতা বজায় রেখে চলেছে। দুই দেশের এই সহযোগিতা আন্তর্জাতিক রাষ্ট্র-রাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে একটি অনন্য মডেল স্থাপন করেছে।”
শি জিনপিং আরও জানান, তিনি ব্যক্তিগতভাবে বাংলাদেশের সাথে সম্পর্কের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেন। আগামীতে রাজনৈতিক আস্থা গভীর করা, ঐতিহ্যবাহী বন্ধুত্বকে এগিয়ে নেওয়া এবং ‘বেল্ট অ্যান্ড রোড’ প্রকল্পের আওতায় উচ্চমানের সহযোগিতা নিশ্চিত করতে তিনি রাষ্ট্রপতি চুপ্পুর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
একই দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। এছাড়াও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। চীনের শীর্ষ এই তিন নেতার অভিনন্দন বার্তায় বাংলাদেশের সাথে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ফুটে উঠেছে।








































