বৃহস্পতিবার । মার্চ ২৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ২৬ মার্চ ২০২৬, ২:৪৮ অপরাহ্ন
শেয়ার

দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৬


Padma bus dead

নিহতদের মধ্যে ১১ জন নারী, ৭ জন পুরুষ এবং ৮ শিশু

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় পদ্মা নদীতে ‘সৌহার্দ্য পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে আরও তিনজনের মরদেহ উদ্ধার করলে নিহতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়ায়।

উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে কোনো নিখোঁজের সংবাদ পেলে উদ্ধার কাজ আবার শুরু করা হবে।

নিহতদের অধিকাংশের পরিচয় শনাক্ত হয়েছে। তাদের বাড়ি রাজবাড়ী ও কুষ্টিয়া জেলায়। বাসটির চালক আরমান খানও এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে ইতিমধ্যে ২৪টি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতদের মধ্যে ১১ জন নারী, ৭ জন পুরুষ এবং ৮ শিশু।

এদিকে নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান রাতে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রাজবাড়ী জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহিদুল ইসলামের নেতৃত্বে আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উভয় কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নিহতদের মধ্যে যাদের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হচ্ছেন- ১. রেহেনা আক্তার (৬১), স্বামী- মৃত ইসমাঈল হোসেন খান, রাজবাড়ী পৌরসভা ২. কাজী সাইফ (৩০), পিতা- কাজী মুকুল, রাজবাড়ী পৌরসভা ৩. রাজীব বিশ্বাস (২৮), পিতা- হিমাংশু বিশ্বাস, খাগড়বাড়ীয়া, কুষ্টিয়া সদর ৪. জহুরা অন্তি (২৭), পিতা- মৃত ডা. আবদুল আলীম, রাজবাড়ী পৌরসভা ৫. মর্জিনা খাতুন (৫৬), স্বামী- মো. আবু বক্কর সিদ্দিক, কুষ্টিয়া পৌরসভা ৬. মর্জিনা আক্তার (৩২), স্বামী- রেজাউল করিম, ছোট ভাকলা, গোয়ালন্দ ৭. ইস্রাফিল (৩), পিতা- দেলোয়ার হোসেন, খোকসা, কুষ্টিয়া। ৮. সাফিয়া আক্তার রিন্থি (১২), পিতা- রেজাউল করিম, ছোট ভাকলা, গোয়ালন্দ ৯. ফাইজ শাহানূর (১১), পিতা- বিল্লাল হোসেন, কালুখালী, রাজবাড়ী ১০. তাজবিদ (৭), পিতা- কেবিএম মুসাব্বির, রাজবাড়ী পৌরসভা।

১১. মুক্তা খানম (৩৮), স্বামী- মৃত জাহাঙ্গীর আলম, কোটালীপাড়া, গোপালগঞ্জ ১২. নাজমিরা বা জেসমিন (৩০), স্বামী- আব্দুল আজিজ, কালুখালী, রাজবাড়ী ১৩. লিমা আক্তার (২৬), পিতা- সোবাহান মণ্ডল, রাজবাড়ী সদর ১৪. জোস্ন্যা (৩৫), স্বামী- মান্নান মণ্ডল, রাজবাড়ী সদর ১৫. বাসটির চালক আরমান খান (৩১), পিতা- আরব খান, বালিয়াকান্দি, রাজবাড়ী।

১৬. নাছিমা (৪০), স্বামী- মৃত নূর ইসলাম, পার্বতীপুর, দিনাজপুর। ১৭. আয়েশা আক্তার সুমা (৩০), স্বামী- মো. নুরুজ্জামান, আশুলিয়া, ঢাকা। ১৮. সোহা আক্তার (১১), পিতা- সোহেল মোল্লা, রাজবাড়ী পৌরসভা। ১৯. আয়েশা সিদ্দিকা (১৩), পিতা- গিয়াসউদ্দিন রিপন, সমসপুর, খোকসা, কুষ্টিয়া। ২০. আরমান (৭ মাস), পিতা- নুরুজ্জামান, শৈলকুপা, ঝিনাইদহ।

২১. আব্দুর রহমান (৬), পিতা- আব্দুল আজিজ, কালুখালী, রাজবাড়ী। ২২. সাবিত হাসান (৮), পিতা- শরিফুল ইসলাম, রাজবাড়ী সদর। ২৩. আহনাফ তাহমিদ খান (২৫), পিতা- ইসমাইল হোসেন খান, রাজবাড়ী সদর। ২৪. উজ্জ্বল, পিতা- মজনু শেখ, কালুখালী, রাজবাড়ী। ২৫. আসরাপুল, পিতা- আফসার, কালুখালী, রাজবাড়ী। ২৬. জাহাঙ্গীর, পিতা- সানি উল্লা, কালুখালী, রাজবাড়ী।

উল্লেখ্য গতকাল বুধবার বিকেল সোয়া ৫টার দিকে দৌলতদিয়া ৩ নম্বর পন্টুনে এই দুর্ঘটনা ঘটে। ঢাকা অভিমুখে যাওয়া এই বাসটিতে প্রায় ৪০ থেকে ৫৫ জন যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে, যাদের মধ্যে মাত্র ৫ থেকে ৭ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।

দুর্ঘটনার পর ৬ ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ১১টার দিকে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’-র ক্রেন দিয়ে ডুবে যাওয়া বাসটি নদী থেকে ওপরে তোলা হয়।